তুলা আমদানিতে আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি বলছে, এআইটি সরকারের রাজস্ব আহরণের জন্য সুবিধাজনক মনে হলেও এর ফলে দেশের বস্ত্র শিল্প গভীর সংকটে পড়বে। চলতি মূলধন সংকুচিত হয়ে অনেক বস্ত্রকল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এক চিঠিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানকে এই বিষয়ে অবহিত করেন। একই চিঠি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে শওকত আজিজ বলেন, “তুলা আমদানিতে ২ শতাংশ এআইটি আরোপ করায় উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাবে। এতে আমাদের সক্ষমতা প্রতিযোগী দেশগুলোর তুলনায় কমে যাবে। টিকে থাকা কঠিন হয়ে পড়বে দেশি বস্ত্রকলগুলোর জন্য।”
তিনি আরও জানান, আমদানির সময় প্রতি চালানে ২% করে এআইটি পরিশোধ করতে হলে বছরের শেষে মোট করভার বেড়ে ২৯ শতাংশে পৌঁছাবে। ফলে চলতি মূলধন দ্রুত সংকুচিত হবে। এমন ধারাবাহিক চাপ তিন বছরের মধ্যে মূলধন শূন্য করে ফেলতে পারে, যা আমদানি নির্ভর বিকল্প শিল্প হিসেবে বস্ত্র খাতের জন্য ভয়াবহ।
শুধু তা-ই নয়, বিটিএমএ সভাপতি আশঙ্কা প্রকাশ করেন, দেশি বস্ত্রকল দুর্বল হয়ে পড়লে বিদেশি সুতা আমদানি বাড়বে। এতে রপ্তানিতে মূল্য সংযোজন কমে যাবে। তাই ২ শতাংশ এআইটি অবিলম্বে প্রত্যাহার জরুরি।
চিঠিতে আরেকটি সুপারিশও উঠে এসেছে। তা হলো—দেশি কারখানায় উৎপাদিত তুলা, কৃত্রিম আঁশ ও মিশ্র আঁশ দিয়ে তৈরি সুতার ওপর কেজিপ্রতি ৫ টাকা সুনির্দিষ্ট কর মওকুফ করা। বিটিএমএর ভাষ্য, বর্তমানে উৎপাদন পর্যায়ে কেজিপ্রতি ৩ টাকা কর বাড়িয়ে ৫ টাকা ধার্য করায় স্থানীয় স্পিনিং খাত চাপে পড়েছে। এর ফলে সুতার বিক্রয়মূল্য বেড়ে যাচ্ছে। দেশি ক্রেতারা বিদেশি সুতার দিকে ঝুঁকছেন। এতে অনেক কারখানা বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
বিটিএমএর হিসেবে, সংগঠনটির অধীনে ১,৮৫৮টি সুতাকল, উইভিং ও ডাইং-প্রিন্টিং-ফিনিশিং বস্ত্রকল রয়েছে। বস্ত্র খাতে মোট বিনিয়োগ প্রায় ২৩ বিলিয়ন ডলার। এই খাত থেকেই তৈরি পোশাকশিল্পের জন্য ৭০ শতাংশ সুতা ও কাপড় সরবরাহ হয়। তাই বস্ত্র খাতের সংকট পুরো পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শওকত আজিজ আশঙ্কা প্রকাশ করেন, সরকারের এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তৈরি পোশাক ও বস্ত্র খাতে থাকা প্রায় ৭৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ হুমকির মুখে পড়বে। অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হবে। বিপাকে পড়বেন শ্রমিক-কর্মচারীরা। অনেক কারখানায় বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে উঠবে।
তিনি আরও জানান, বর্তমানে বস্ত্র খাতের উৎপাদন ব্যয় ১৫-২০ শতাংশ বেড়েছে। তার প্রধান কারণ—জ্বালানির ঘাটতি, শ্রমিক মজুরি বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অস্থিরতা। অপরদিকে, বিদ্যুৎ ও গ্যাস–সংকটের কারণে উৎপাদন ক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে সুতাকলসহ পুরো বস্ত্র খাত টিকে থাকার লড়াইয়ে রয়েছে।

