২০২৫ সালে ইউরোপীয় শেয়ারবাজারে শক্তিশালী ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। বছরের শুরু থেকে স্টক্স ইউরোপ ৬০০ সূচক প্রায় ৭ শতাংশ বেড়েছে। অনেক বিনিয়োগকারী এখন ইউরোপীয় বাজারে ঝুঁকছেন—বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা এবং অতিমূল্যায়নের ভয়ে সেখানে বিনিয়োগে অনীহা বাড়ছে।
তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই বাজার উত্থান হয়তো একটি দুর্বল এবং ঝুঁকিপূর্ণ ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। কারণ বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ এখনো চরমে এবং একে শুধুই সাময়িক সংকট হিসেবে ধরাটা হতে পারে আত্মঘাতী ভুল।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ২০২৫ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস ১.৭ শতাংশ থেকে নামিয়ে ১.৪ শতাংশ করেছে—এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ঘোষণার আগেই। বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি যুক্তরাষ্ট্র যখন গতি হারায়, তার প্রভাব ইউরোপেও পড়তে বাধ্য।
ব্যাংক অব আমেরিকা সতর্ক করে বলছে, বাজার এখন যেন ধরে নিচ্ছে, ট্রাম্পের শুল্কনীতি বিশ্বব্যাপী প্রবৃদ্ধিকে মোটেও প্রভাবিত করবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন।
“মার্কেট এখন এমনভাবে দাম নির্ধারণ করছে, যেন শুল্কের কোনো প্রভাবই নেই বৈশ্বিক প্রবৃদ্ধির ওপর,” বলেন ব্যাংক অব আমেরিকার ইউরোপীয় ইক্যুইটি স্ট্র্যাটেজি প্রধান সেবাস্টিয়ান রেডলার। “কিন্তু আমরা আসলে ঠিক সেই পরিস্থিতিতে নেই।”
রেডলার জানান, ২০২৫ সালের মে মাসে প্রতিষ্ঠানগুলো বার্ষিক হারে অতিরিক্ত ১৯০ বিলিয়ন ডলার শুল্ক দিয়েছে, যা প্রথম প্রান্তিকে কোম্পানির মোট মুনাফার ৭ শতাংশ। এসব প্রতিষ্ঠান এখনো ভোক্তাদের ওপর এই বাড়তি খরচ চাপিয়ে দেয়নি, যার অর্থ হচ্ছে—তাদের লাভের মার্জিন সংকুচিত হচ্ছে।
“মার্জিন প্রত্যাশা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে, যা বোঝায় বাজার এখনো বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না,” যোগ করেন তিনি।
জেপিমরগানের বিশ্লেষকরা তুলনামূলকভাবে কিছুটা নিরপেক্ষ অবস্থান নিয়েছেন। তাদের মতে, ইউরোপীয় শেয়ারবাজার এখন কিছুটা সময় ধরে স্থিতিশীল থাকবে এবং বাজারে সাময়িক পতনের পর বছর শেষে সূচক ৫৮০ পর্যন্ত উঠতে পারে। তবে শেষ পর্যন্ত তা আবার ৫৪০-তে ফিরে আসবে বলে পূর্বাভাস দিয়েছেন তারা।
জেপিমরগানের ব্যাখ্যায় বলা হয়েছে, ট্রাম্পের ঘোষণার আগে বহু প্রতিষ্ঠান অগ্রিম অর্ডার দিয়ে পণ্য আমদানি করেছিল। এখনো তারা পুরোনো মজুত পণ্য ব্যবহার করছে। কিন্তু এই ‘ফ্রন্টলোডিং’ প্রভাব শেষ হলে শুল্কের বাস্তব চাপ পড়বে।
বাজার এখনো আশাবাদী দুটি কারণে: এক, অনেকে মনে করছেন ট্রাম্পের শুল্ক কৌশল কেবলমাত্র চাপ তৈরির কৌশল এবং পরে তা প্রত্যাহার করা হবে। দুই, কেন্দ্রীয় ব্যাংকগুলো অর্থনীতিকে সচল রাখতে সুদের হার কমাতে পারে—এই প্রত্যাশা বিনিয়োগকারীদের সাহস জোগাচ্ছে।
ব্যাংক অব আমেরিকা বলছে, “ফেড আবারও সুদের হার কমাতে পারে—এই সম্ভাবনাই এখন বাজারে আশাবাদের মূল উৎস।” বার্কলেজও একমত, তারা বলছে বাজারে ‘ডাভিশ’ মনোভাব—অর্থাৎ মুদ্রানীতিতে শিথিলতা—শেয়ারবাজারের ঊর্ধ্বগতি বজায় রাখতে সহায়তা করছে।
বার্কলেজের ইউরোপীয় ইক্যুইটি প্রধান ইমানুয়েল কাও বলেন, “শুল্কজনিত ধাক্কা সামনের ছয় মাসে কর্মসংস্থান ও বিনিয়োগে প্রভাব ফেলবে। তবে উত্তেজনা কমে আসছে, ফলে বড় ধরনের মন্দার আশঙ্কা আপাতত নেই।”
টিডি কাউয়েন-এর বিশ্লেষকরা বলছেন, অ্যাডিডাসের মতো কোম্পানিগুলো ১০ শতাংশ শুল্ক পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী থাকলেও, এখন ২০ শতাংশ শুল্কের মুখে তাদের আয়ের পূর্বাভাস কমিয়ে আনতে হতে পারে।
বিশ্লেষক জন কার্নান জানান, “আমাদের বিশ্লেষণ বলছে, ভিয়েতনামের ওপর ২০ শতাংশ শুল্ক থাকবে এবং সেটা আগে থেকেই থাকা শুল্কের ওপর আরোপিত হবে।”
ভিয়েতনাম বর্তমানে উত্তর আমেরিকার মোট ফুটওয়্যারের এক-তৃতীয়াংশ এবং যুক্তরাষ্ট্রের পোশাকের ১৫ শতাংশ সরবরাহ করে। সুতরাং, শুল্কের প্রভাব কেবল একটি কোম্পানিতেই সীমাবদ্ধ থাকবে না।
যখন ইউরোপীয় বাজারে ধীরে ধীরে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে, বিশ্লেষকদের মতে, এই উল্লাস আসলে একটি ‘ঝুঁকিপূর্ণ স্বস্তি’। শুল্ক যুদ্ধে অর্থনীতি হোঁচট খেলে এই বাজারও তীব্র ধাক্কা খেতে পারে।
অতএব, কেন্দ্রীয় ব্যাংকের দয়ায় ভর করে যতই বাজারে আস্থা থাকুক না কেন, বাস্তবতার কঠিন হিসাব ভুলে যাওয়া কোনো বিচক্ষণতার পরিচয় নয়।

