বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী সপ্তাহে ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (Presidency of Defence Industries – SSB) প্রধান হালুক গোরগুন। বিষয়টির সঙ্গে যুক্ত একাধিক কূটনৈতিক ও প্রতিরক্ষা সূত্রের বরাতে ভারতের দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, আগামী ৮ জুলাই সোমবার ঢাকায় পৌঁছাবেন তিনি।
হালুক গোরগুনের এই সফরকে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সফরকালে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একইসঙ্গে, পৃথক বৈঠকে মিলিত হবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে।
বিশ্লেষকেরা বলছেন, শেখ হাসিনার সরকারের আমলে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক তুলনামূলকভাবে সীমিত ছিল। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আঙ্কারা ঢাকায় তাদের কৌশলগত উপস্থিতি জোরদারে সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে বাংলাদেশও নিজস্ব প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং ভবিষ্যতে রপ্তানির লক্ষ্য নিয়ে একটি স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে, যেখানে তুরস্ককে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ও বিনিয়োগ সহযোগী হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছে। সম্ভাব্য এই শিল্পাঞ্চলগুলোতে তুরস্কের একাধিক প্রতিরক্ষা কোম্পানিকে অংশীদার হিসেবে যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে। এ লক্ষ্যে সম্প্রতি বিডার নির্বাহী চেয়ারম্যান একটি পাঁচদিনের তুরস্ক সফরও সম্পন্ন করেছেন।
এর আগে, ২০২৫ সালের এপ্রিলে তুরস্কের অ্যান্টালিয়ায় অনুষ্ঠিত ডিপ্লোমেসি ফোরামে অংশ নিতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য অ্যারোস্পেস অংশীদার প্রয়োজন। আর তুরস্কের সঙ্গে সহযোগিতা হলে সেটি দুই দেশই লাভবান হবে।” সেই সফরকালে তিনি তুর্কি অ্যারোস্পেস সংস্থার প্রেসিডেন্ট মেহমেত দেমিরোলুর সঙ্গেও বৈঠক করেন, যেখানে উড়োজাহাজ প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম বিষয়ে সম্ভাব্য সহযোগিতার রূপরেখা নিয়ে আলোচনা হয়।
বিশেষজ্ঞদের মতে, তুরস্কের সরাসরি বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে অংশগ্রহণ বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশীয় উৎপাদনশীলতা ও প্রতিরক্ষা পণ্যের সম্ভাব্য রপ্তানি পথও খুলে দেবে। একইসঙ্গে এটি দক্ষিণ ও মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক অংশীদারিত্বেও একটি কৌশলগত ভারসাম্য এনে দেবে।
এই সফরের মাধ্যমে শুধু প্রতিরক্ষা নয়, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

