যুক্তরাষ্ট্র আবারও কড়াকড়ি আরোপ করেছে ইরানের ওপর। এবার ইরানি তেল পাচারে জড়িত এক ব্যবসায়ী চক্র এবং হিজবুল্লাহর অর্থায়নে জড়িত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরান থেকে তেল নিয়ে সেটিকে ‘ইরাকি পণ্য’ বলে ভুয়া কাগজপত্রে উপস্থাপন করে বিক্রির কাজে জড়িত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। এই চক্রটির নেতৃত্বে রয়েছেন ইরাকি-ব্রিটিশ ব্যবসায়ী সালিম আহমেদ সাইদ, যিনি ২০২০ সাল থেকে এই অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “ইরানের রাজস্বের উৎসগুলোকে টার্গেট করে আমরা চাপ অব্যাহত রাখবো। এতে করে তাদের অস্থিতিশীল কার্যক্রমে অর্থায়ন বাধাগ্রস্ত হবে।”
বেসেন্টের কার্যালয়ের দাবি, সাইদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান ও জাহাজ ব্যবহার করে ইরানের তেল ইরাকের তেলের সঙ্গে মেশানো হয়। এরপর তৈরি হয় ভুয়া নথিপত্র। তাতে দেখানো হয়, এটি ইরাক বা সংযুক্ত আরব আমিরাত থেকে আসা তেল, যা পশ্চিমা ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এইভাবে মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে কোটি কোটি ডলারের তেল বিক্রি করে আসছে তারা।
নতুন নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্র কয়েকটি তেলবাহী জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। অভিযোগ, এই জাহাজগুলো গোপনে ইরানি তেল বহনে ব্যবহৃত হচ্ছিল। এর ফলে ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’—অর্থাৎ গোপন নৌবহর—আরও চাপে পড়বে।
এই আদেশে লেবাননের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসান এবং এর কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের ভাষায়, এই প্রতিষ্ঠানটি কোটি কোটি ডলারের গোপন লেনদেনের মাধ্যমে হিজবুল্লাহকে আর্থিক সহায়তা দিচ্ছিল।
নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা যাবে। পাশাপাশি, মার্কিন নাগরিকদের তাদের সঙ্গে কোনও ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থাপনও নিষিদ্ধ।
এই পদক্ষেপ এমন সময় এসেছে, যখন মাত্র কয়েকদিন আগেই (২২ জুন) যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যা ভূগর্ভস্থভাবে নির্মিত একটি উচ্চ নিরাপত্তার স্থাপনা। পেন্টাগনের ভাষ্যমতে, এই হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি এক থেকে দুই বছর পিছিয়ে গেছে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের পরমাণু ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন আলোচনা শিগগিরই শুরু হতে পারে।
সাইদের পরিচালিত প্রতিষ্ঠানগুলো থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। তবে নিউ ইয়র্কে অবস্থিত ইরানি মিশন এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করেনি।
ইরান, তেল, হিজবুল্লাহ ও পরমাণু কর্মসূচিকে ঘিরে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটনের চাপের কৌশল এখন আরও সুপরিকল্পিত ও বিস্তৃত আকার নিচ্ছে—সরাসরি অর্থের প্রবাহ রুখে দিতে লক্ষ্য করা হচ্ছে তেলবাণিজ্য থেকে শুরু করে অস্ত্রধারী গোষ্ঠীর ব্যাংক পর্যন্ত।

