চট্টগ্রাম কাস্টমসের অধীনে বন্দরে পড়ে থেকে নষ্ট হয়ে গেছে বিলাসবহুল গাড়ির বহর। এসব গাড়ির মোট মূল্য প্রায় ৭০ কোটি টাকা হলেও শেষ পর্যন্ত স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে রাজস্ব পাওয়া গেছে মাত্র ৪২ লাখ ৮০ হাজার টাকা।
![]()
জাপান থেকে আমদানি করা সুজুকি ব্র্যান্ডের একটি প্রাইভেট কার ১৯৯৫ সালে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। তবে খালাস না হওয়ায় এটি পড়ে ছিল কাস্টমসের অকশন শেডে। ৩০ বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থেকে এর যন্ত্রাংশ চুরি হয় এবং মরিচায় ক্ষতিগ্রস্ত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে গাড়িটি স্ক্র্যাপ করে বিক্রি করা হয় মাত্র ২৪.২৫ টাকা কেজি দরে। এই এক গাড়ি নয়, আরও ৭৩টি বিলাসবহুল প্রাইভেট কার, ট্রাক ও ডাম্প ট্রাকসহ মোট ৭৪টি যানবাহনের একই পরিণতি হয়েছে। এসব গাড়ির স্ক্র্যাপ ওজন ১৪৭.৬৮ মেট্রিক টন।

আশ্চর্যের বিষয়, এসব গাড়ির আমদানিকারক কারা, গাড়িগুলো কয়বার নিলামে তোলা হয়েছে এবং কেন বিক্রি হয়নি—এসবের কোনো নথি নেই কাস্টমসের কাছে। বিশেষজ্ঞদের মতে, গাড়িগুলো বছরের পর বছর পড়ে থাকার প্রধান কারণ হচ্ছে কাস্টমস কর্তৃক নির্ধারিত অবাস্তব রিজার্ভ মূল্য। অনেক গাড়িই প্রথমবার নিলামে ওঠার সময় প্রতিটি গাড়ির দাম ধরা হয়েছিল ৪ কোটি ৩০ লাখ টাকা পর্যন্ত।
২০১৬ সাল থেকে অন্তত আটবার নিলামে তোলা হয় কারনেট সুবিধায় আনা ১১২টি বিলাসবহুল গাড়ি। ২০২২ সালের নিলামে গাড়িগুলোর জন্য রিজার্ভ মূল্য ধরা হয়েছিল ১৮০ কোটি টাকা, কিন্তু বিড উঠে মাত্র ১৭ কোটি। শেষ পর্যন্ত বিশেষ নির্দেশে গাড়িগুলো বিক্রি করা হয়, যার মধ্যে একটি মার্সিডিজ গাড়ি মাত্র ৯ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি হয়।
আওয়ামী লীগ সরকারের সময় শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা ৩০টি এসইউভির মধ্যে ২৪টি গাড়ি চলতি বছরের জানুয়ারিতে অনলাইন নিলামে তোলা হয়। প্রতিটি গাড়ির রিজার্ভ মূল্য ধরা হয় ৯.৬৭ কোটি টাকা—যেখানে এগুলোর বাজারমূল্য ছিল সর্বোচ্চ ৩ কোটি ১০ লাখ টাকা। ফলে উপযুক্ত দাম না ওঠায় নিলাম বাতিল করে কাস্টমস। একটি গাড়ির জন্য একজন ব্যবসায়ী সর্বোচ্চ ৩ কোটি ১০ লাখ টাকা দর দিয়েছিলেন। কিন্তু কাস্টমসের নিয়ম অনুযায়ী রিজার্ভ মূল্যের ৬০ শতাংশ না ওঠায় তা বিক্রি হয়নি। দুই মাস পর ওই ব্যবসায়ীকে ৩১ লাখ টাকার অগ্রিম ড্রাফট ফেরত দেওয়া হয়।

দ্বিতীয় নিলামে গাড়ি তুললে কম দামে বিক্রির সুযোগ তৈরি হয় বলে সংশ্লিষ্টরা মনে করেন। দরদাতারা প্রথম নিলামে কম দাম দিয়ে সিন্ডিকেট গঠন করে পরে কম দামে গাড়ি কেনার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে অনলাইন নিলামে সিন্ডিকেট সম্ভব নয় বলে দাবি করেছেন নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব। তিনি বলেন, “বর্তমানে বাজারে এসব গাড়ির দাম আড়াই থেকে তিন কোটি টাকার বেশি নয়। কাস্টমস বাস্তবসম্মত দাম না ধরলে গাড়িগুলো নষ্ট হয়ে যাবে।”

চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য কনটেইনারের সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে প্রায় ১০ হাজার ৩২ টিইইউ নিলামযোগ্য পণ্যভর্তি কনটেইনার পড়ে রয়েছে, যা বন্দরের মোট ধারণক্ষমতার প্রায় ১৯ শতাংশ। এতে তৈরি হচ্ছে পণ্যের জট। এছাড়া নিলামে বিক্রি হওয়া পণ্যের হিস্যা বাবদ চট্টগ্রাম কাস্টমসের কাছে চট্টগ্রাম বন্দরের বকেয়া রয়েছে ১৪২ কোটি ৭২ লাখ টাকা। বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে এ পাওনা আদায়ে অন্তত ৫৯টি চিঠি দিয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, “নিলামে বিক্রি না হলে আলোচনার মাধ্যমে ন্যায্য দামে বিক্রির ব্যবস্থা করা উচিত। ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে ন্যায্য দাম নিশ্চিত করা সম্ভব।” টিআইবির চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আখতার কবির চৌধুরী বলেন, “এভাবে গাড়ি ও অন্যান্য পণ্য নষ্ট হওয়ায় জাতীয় সম্পদের ক্ষতি হচ্ছে, অথচ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো জবাবদিহিতা নেই। নিলাম ব্যবস্থায় সংস্কার এবং প্রয়োজনে আইন সংশোধন জরুরি।”
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব হোসাইন জানান, দ্বিতীয় নিলামের জন্য যৌক্তিক রিজার্ভ মূল্য নির্ধারণে এনবিআরের নির্দেশনা চাওয়া হয়েছে। নির্দেশনা পেলে ৩০টি গাড়ি নিয়ে নতুন নিলাম আহ্বান করা হবে। এনবিআরের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন বলেন, “যথাযথ মূল্য নির্ধারণ করে কীভাবে দ্রুত নিলাম কার্যক্রম চালানো যায়, তা নিয়ে আমরা কাজ করছি।”

