কোরবানির ঈদে প্রতি বছর লাখ লাখ পশু জবাই হয় বাংলাদেশে। এর পাশাপাশি সারা বছর ধরেই পশু জবাই হয় বিভিন্ন প্রয়োজনে। ফলে দেশজুড়ে বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ হলেও তা কাজে লাগানো যাচ্ছে না। বরং চামড়াজাত পণ্য তৈরির জন্য উল্টো বিদেশ থেকে চামড়া আমদানি করতে হচ্ছে—এমনটাই বলছেন বিশ্লেষকরা।
চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাড়াতে ২০১৭ সালে ঢাকার হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প স্থানান্তর করা হয়। লক্ষ্য ছিল পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করে লেদার ওয়ার্কিং গ্রুপের (LWG) সনদ অর্জন। কিন্তু বাস্তবতা হলো, এখনো কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সেই সনদ মেলেনি। ফলে ইউরোপ-আমেরিকার মতো বড় বাজারে বাংলাদেশের চামড়া বিক্রি করতে পারছে না ট্যানারি মালিকরা।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, “সাভারে ১৪২টি কোম্পানি থাকলেও একটি কোম্পানিও এখনো আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স অর্জন করতে পারেনি। এ কারণেই চামড়ার রপ্তানি বাড়ছে না।”
বিশ্লেষকরা বলছেন, কেবল কমপ্লায়েন্স ঘাটতির কারণেই রপ্তানি সংকুচিত হচ্ছে না, বরং দেশীয় চামড়া শিল্পে নীতিগত দুর্বলতাও এর জন্য দায়ী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “ট্যানারি স্থানান্তরের শুরু থেকেই নীতিগত ঘাটতি ছিল। এখনো সেটি কাটেনি বলেই সমস্যা রয়ে গেছে।”
এবার কোরবানির ঈদে প্রায় এক কোটি চামড়া সংগ্রহের লক্ষ্য ঠিক করেছেন শিল্প মালিকরা। তবে কয়েক বছর ধরেই ঈদের সময় কাঁচা চামড়া নিয়ে সংকট তৈরি হচ্ছে। মূল কারণ, দাম পড়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার এ বছর ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০–৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫–৬০ টাকা নির্ধারণ করেছে। আগের বছর এই দাম ছিল আরও কম। তবুও প্রশ্ন থেকে যায়—প্রতি বছর কাঁচা চামড়া সরবরাহে প্রাচুর্য থাকা সত্ত্বেও কেন দাম পড়ে যায়? বিশ্লেষকদের মতে, মূলত বাজারে চাহিদা না থাকাই এর কারণ।
অধ্যাপক মিজানুর রহমান বলেন, “যদি বাজারে চাহিদা না থাকে, তাহলে দাম বাড়বে কীভাবে? ব্যবসায়ীরা বিক্রি করতে না পারলে কেনই বা কিনবে?” ট্যানার্স অ্যাসোসিয়েশন জানায়, দেশের মোট চামড়ার ৫০-৬০ শতাংশই কোরবানির সময় সংগ্রহ করা হয়। কিন্তু এগুলো প্রক্রিয়াজাত করতে গেলে লবণ, বিদ্যুৎ ও অন্যান্য সুবিধার অভাব সাভারের শিল্প নগরীতে সমস্যা তৈরি করে।
লবণ দিয়ে কাঁচা চামড়া সংরক্ষণ করছেন শ্রমিকরা
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে চামড়া রপ্তানি ৮.২৪ শতাংশ কমেছে। গত অর্থবছরে যেখানে রপ্তানি আয় ছিল ১১৭.২৭ মিলিয়ন ডলার, এবার তা নেমে এসেছে ১০৭.৬১ মিলিয়নে। ২০১৭ সালে ট্যানারি সাভারে স্থানান্তরের সময় চামড়াজাত পণ্যের রপ্তানি থেকে আয় হয়েছিল প্রায় ১.৫ বিলিয়ন ডলার। বর্তমানে তা কমে ৭৫০ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ট্যানার্স অ্যাসোসিয়েশনের ভাষ্য, এই পতনের মূল কারণ হল কমপ্লায়েন্স ঘাটতি।
একই কারণে দেশীয় কোম্পানিগুলোকেও বিদেশ থেকে চামড়া আমদানি করতে হচ্ছে। এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম মুশফিকুর রহমান মাসুদ জানান, “বাংলাদেশের কোম্পানিগুলো প্রতি মাসে গড়ে ১০–১২ লাখ বর্গফুট চামড়া বিদেশ থেকে আমদানি করছে। সাভারে কমপ্লায়েন্স নিশ্চিত করা গেলে এমন পরিস্থিতি হতো না।”
বিশ্লেষকদের মতে, পোশাক শিল্পের পর চামড়া খাত হতে পারত বড় সম্ভাবনার ক্ষেত্র। কিন্তু যথাযথ নীতি ও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিতে ব্যর্থ হওয়ায় সেই সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে।