সামরিক ও বেসামরিক ড্রোন নির্মাতাদের জন্য ২৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের (প্রায় ২ হাজার কোটি রুপি) উৎসাহভাতা কর্মসূচি চালু করতে যাচ্ছে ভারত। ড্রোন আমদানিনির্ভরতা কমানো এবং চীন-তুরস্ক সমর্থিত পাকিস্তানের ড্রোন কর্মসূচির সঙ্গে পাল্লা দিতেই এই উদ্যোগ নিচ্ছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছে ভারত সরকারের সংশ্লিষ্ট অন্তত তিনটি সূত্র। গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রতিবেদনে বলা হয়, গত মে মাসে পাকিস্তানের সঙ্গে হওয়া চার দিনের সীমান্ত সংঘাতে দুই দেশই প্রথমবারের মতো একে অন্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালায়। সংঘাতের পর থেকেই পারমাণবিক শক্তিধর এই প্রতিবেশী দুই দেশের মধ্যে ড্রোন প্রযুক্তি নিয়ে নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে।
ভারত সরকারের দুই কর্মকর্তা ও ড্রোন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট একজন রয়টার্সকে জানান, তিন বছর মেয়াদি এই কর্মসূচির আওতায় ড্রোন, যন্ত্রাংশ, সফটওয়্যার, প্রতিরক্ষা ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সেবা খাতে ইনসেনটিভ দেওয়া হবে। পুরো কর্মসূচির নেতৃত্বে রয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই ইনসেনটিভ কর্মসূচির বিস্তারিত এত দিন প্রকাশ করা হয়নি। তবে এটি ২০২১ সালে চালু হওয়া ১২০ কোটি রুপির প্রোডাকশন-লিংকড ইনসেনটিভ (PLI) স্কিমের তুলনায় অনেক বড়। আগের কর্মসূচিতে ড্রোন উদ্যোক্তারা অর্থসংগ্রহ ও গবেষণায় বাধার মুখে পড়ায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
রয়টার্সের আগের একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, স্থানীয় ড্রোনশিল্পে বড় বিনিয়োগ করতে যাচ্ছে ভারত। আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে দেশটি ৪৭ কোটি ডলার পর্যন্ত খরচ করতে পারে বলে সরকারি ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে ভারত প্রধানত সামরিক ড্রোন আমদানি করত ইসরায়েল থেকে, যেটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতের নিজস্ব ড্রোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো তুলনামূলক কম খরচে সামরিক ড্রোন তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবুও মোটর, সেন্সর ও ইমেজিং সিস্টেমের মতো মূল উপাদানের জন্য চীনের ওপর নির্ভরতা এখনো রয়েছে। ভারত সরকারের লক্ষ্য, এই নতুন কর্মসূচির মাধ্যমে ২০২৮ অর্থবছরের মধ্যে (এপ্রিল-মার্চ) ড্রোনের প্রধান যন্ত্রাংশের অন্তত ৪০ শতাংশ দেশেই উৎপাদন করা।
ভারতের প্রতিরক্ষাসচিব রাজেশ কুমার সিং গত সপ্তাহে বলেন, “পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে দুই পক্ষই ব্যাপকভাবে ড্রোন, লোটারিং মিউনিশন এবং কামিকাজে ড্রোন ব্যবহার করেছে।” তিনি বলেন, “এই অভিজ্ঞতা থেকে আমরা বুঝেছি, দেশীয় প্রযুক্তি উন্নয়নের দিকে আরও জোর দিতে হবে। আমাদের শক্তিশালী ও কার্যকর সামরিক ড্রোন উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে হবে।”

