রাঙামাটি জেলার এক হাজারের বেশি কৃষক কলা চাষে যুক্ত হয়েছেন। কেউ একক বাগান করছেন, কেউ অন্যান্য ফসলের সঙ্গে কলার চাষ করছেন। কৃষকদের কথা হলো, রাঙামাটির মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য আদর্শ। পরিচর্যা কম লাগে, কীটনাশকও কম ব্যবহার হয়। তাই দিন দিন চাষীরা কলায় ঝুঁকছেন।

রাঙামাটির মানিকছড়ি এলাকায় পাহাড়ের ঢালে সারি সারি কলাগাছ। সকাল হতেই সেখানে হাজির বাজেক্কে চাকমা। গাছে ঝুলে থাকা কলার ছড়ি একে একে কেটে সড়কের পাশে স্তূপ করলেন। তিনি গাছে থাকা অবস্থায়ই প্রতি ছড়িতে ২০০ থেকে ৩০০ টাকা দাম পেয়ে বিক্রি করেছেন।
বাজেক্কে চাকমার বাড়ি রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায়। নিজ উদ্যোগে এক হাজারের বেশি কলাগাছের বাগান করেছেন। প্রতি সপ্তাহে অন্তত ২০০ ছড়ি বিক্রি করেন। এ আয় দিয়েই সংসার চলে।
রাঙামাটির বাঘাইছড়ির নবছড়া গ্রামের মদং মাদং চাকমা দুই বছর আগে আট একর জমিতে সাড়ে চার হাজার কলাগাছ লাগিয়েছেন। ছয় মাস ধরে কলা বিক্রি করছেন। এখন পর্যন্ত প্রায় এক লাখ টাকার কলা বিক্রি হয়েছে তার। আগামি কয়েক মাসে আরও দু-তিন লাখ টাকার কলা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ১১ হাজার ৯০০ হেক্টর জমিতে কলা চাষ হচ্ছে। প্রতি হেক্টর জমিতে বছরে প্রায় ৩০ মেট্রিক টন কলা উৎপাদিত হয়। পুরো জেলায় প্রতিবছর ৩ লাখ ৫৭ হাজার মেট্রিক টন কলা হয়। এর বাজারমূল্য প্রায় ২ হাজার ৮৫৬ কোটি টাকা। এখানে বাংলা কলা, চাঁপা কলা, সাগর কলা, সূর্যমুখী ও আনাজি জাতের কলা বেশি চাষ হচ্ছে। তবে ‘বাংলা কলা’র চাহিদা বেশি। নানিয়ারচর উপজেলায় সবচেয়ে বেশি কলা চাষ হয়।

তথ্য অনুযায়ী, কলা কৃষিপণ্য হলেও কৃষি বিভাগের কোনো সরাসরি ভূমিকা নেই। চাষিদের সরকারি সহায়তা বা প্রণোদনা নেই। তবে নিজেদের উদ্যোগে কর্মকর্তা পর্যায়ে কৃষকদের পরামর্শ দেয়া হয়। রাঙামাটি সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ দেওয়ান বলেন, “সরকারি নির্দেশনা না থাকলেও আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।” কলার বাজার ব্যবসায়েও সুদিন এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে ১ থেকে ৪ টাকা দরে কলা ক্রয় করেন। পরে দেশজুড়ে বিক্রি করে প্রতি কলায় ২ থেকে ৪ টাকা লাভ করেন তারা।
বাঘাইছড়ি, সাজেক ও নানিয়ারচরের ব্যবসায়ী জীংহানি চাকমা ও তুরুনো চাকমা বলেন, তারা বাগান ঘুরে চাষিদের কাছ থেকে কলা সংগ্রহ করেন। অনেক সময় চাষিরাও বাজারে নিয়ে আসেন। এসব কলা তারা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। জেলায় প্রায় তিন হাজার ব্যবসায়ী এ কাজ করছেন। রাঙামাটিতে কলা চাষ সম্পূর্ণ নিজ উদ্যোগে। প্রাকৃতিকভাবে উপযোগী জমি, সহজ পরিচর্যা ও কম খরচের কারণে কলা চাষে বিশাল অর্থনীতি তৈরি হয়েছে।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন, “পার্বত্য চট্টগ্রামে কলা চাষের বিশাল সম্ভাবনা আছে। যদি পরিকল্পিতভাবে বাণিজ্যিক চাষ ও সরকারি সহযোগিতা পাওয়া যায়, উৎপাদন কয়েকগুণ বাড়ানো সম্ভব। দেশের চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানিও করা যাবে।”

