বাংলাদেশ ব্যাংকের পাঁচটি সমস্যাগ্রস্ত ব্যাংককে একীভূত করার পরিকল্পনা থেকে শেষ পর্যন্ত বাদ পড়ছে এক্সিম ব্যাংক। একীভূত হওয়া না-চাওয়ায় এবং আর্থিক সূচকে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকায় ব্যাংকটি এই প্রক্রিয়া থেকে সরে আসতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এক্সিম ব্যাংকের পক্ষ থেকে এ বিষয়ে আবেদন করা হয়। বিষয়টি বিবেচনায় নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে একীভূতকরণ তালিকা থেকে এক্সিম ব্যাংককে বাদ দেওয়া হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসাইন খান বলেন, ‘আমানতকারীদের স্বার্থ রক্ষায় ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আওতায় ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে তিনি জানান, কোনো ব্যাংককে জোর করে একীভূত করা হবে না। ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই মাসেই প্রক্রিয়া বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
এক্সিম ব্যাংক সূত্র জানায়, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে ব্যাংকটির চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন—তারা অন্য ব্যাংকের সঙ্গে একীভূত হতে চান না। ব্যাংকটির স্বতন্ত্রভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ব্যাংকে অনুরোধ জানানো হয়েছে। আবেদনটি বর্তমানে বিবেচনাধীন।
এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন, ‘এক্সিম ব্যাংক অন্য চারটি ব্যাংকের মতো নয়। আমদানি-রপ্তানি ও ঋণ আদায় নিয়মিত হচ্ছে। কোনো ঋণ খেলাপি হলে মামলা করছি। এক ব্যক্তির জন্য (নজরুল ইসলাম মজুমদার) একটি ভালো ব্যাংক ধ্বংস করা উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের একীভূত না করার ঘোষণা দেওয়া হলে গ্রাহকদের আস্থাও ফিরবে।’
বাংলাদেশ ব্যাংক যেসব ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছাড়া বাকি চারটি ব্যাংক আর্থিক সংকটে রয়েছে। ইতোমধ্যে ফরেনসিক অডিটের মাধ্যমে এসব ব্যাংকের সম্পদের গুণগত মান যাচাই (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) করা হয়েছে।
ব্যাংক একীভূতকরণের উদ্যোগে সংশ্লিষ্ট উদ্যোক্তা-পরিচালকদের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অনেকেই বলছেন, এটি চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত। এতে বাস্তব সমস্যা সমাধান না হয়ে উল্টো নতুন সংকট তৈরি হতে পারে। অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, ‘দুর্বল পাঁচটি বা দশটি ব্যাংক একীভূত করলেই যে শক্তিশালী একটি ব্যাংক হবে, তার কোনো নিশ্চয়তা নেই।’ তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা না করলে কোনো একীভূতকরণই কার্যকর হবে না।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, একীভূত হওয়া ব্যাংকগুলোকে নিয়ে নতুন একটি ব্যাংক গঠিত হবে। সরকারের পক্ষ থেকে প্রাথমিক মূলধন দেওয়া হবে এবং এই ব্যাংক এসএমই খাতে অর্থায়ন করবে। নতুন ব্যাংকের লাইসেন্স দেবে বাংলাদেশ ব্যাংক, আর একীভূত ব্যাংকগুলোর সম্পদ ও আমানত সেখানে স্থানান্তর করা হবে।
এক্সিম ব্যাংক বলছে, রপ্তানি খাতে ব্যাংকটির অবস্থান অন্যতম। গত ৯ মাসে গ্রাহকরা ব্যাংকটি থেকে ১৭ হাজার কোটি টাকা উত্তোলন করেছেন, কোনো ভোগান্তি ছাড়াই। শীর্ষ ১০ খেলাপি ঋণধারী ব্যাংকের তালিকায় এক্সিম নেই, মূলধন ঘাটতিও নেই।
- ২০২৪ সালে ব্যাংকটি আমদানি-রপ্তানি ও প্রবাসী আয়সহ মোট ৫০ হাজার ৩৮১ কোটি টাকার ব্যবসা করেছে। চলতি বছরের মে মাস পর্যন্ত ব্যবসার পরিমাণ ১৮ হাজার ৭৪৪ কোটি টাকা। গত ১০ মাসে নতুন ২ লাখ ৯৪ হাজার অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং এসেছে ১০ হাজার ৩৫০ কোটি টাকার আমানত। ঋণ আদায় হয়েছে ৮ হাজার ২০০ কোটি টাকা।
- বর্তমানে এক্সিম ব্যাংকের শাখা রয়েছে ১৫৫টি, উপশাখা ৭৪টি এবং কর্মী সংখ্যা ৩ হাজার ৩৯৩ জন। ব্যাংকটির গ্রাহকসংখ্যা ১৬ লাখ ৬৪ হাজার। মে মাস শেষে মোট আমানত দাঁড়ায় ৩৮ হাজার ৮৪৫ কোটি টাকায় এবং ঋণ বা বিনিয়োগের পরিমাণ ছিল ৫৩ হাজার ৩১৭ কোটি টাকা।

