দিনাজপুরের হিলি বাজারে দেশি পেঁয়াজের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কমে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে বাজারে ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে এখনো পর্যাপ্ত পেঁয়াজ মজুত আছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪৪ থেকে ৪৫ টাকায়। বর্তমানে সেই দাম দাঁড়িয়েছে ৪৮ থেকে ৫০ টাকায়।
স্থানীয় ব্যবসায়ী আবদুল জলিল জানান, “ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় এখন পুরো বাজার দেশি পেঁয়াজেই চলছে। এদিকে দেশি পেঁয়াজের মৌসুম প্রায় শেষ। তাই সরবরাহ কিছুটা কমেছে।”
তিনি আরও জানান, মোকাম পর্যায়ে প্রতি মণ পেঁয়াজ আগের চেয়ে ১৫০ থেকে ২০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। সেই অনুযায়ী খুচরা বাজারেও দাম সমন্বয় করতে হচ্ছে।
ক্রেতা আরিফা বেগম বলেন, “গত সপ্তাহে ৪৫ টাকায় পেঁয়াজ কিনেছিলাম। এখন কেজিপ্রতি ৪–৫ টাকা বেড়ে গেছে। এটা বড় ধরনের মূল্যবৃদ্ধি না হলেও ভবিষ্যতে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি জরুরি।”

