বিনিয়োগ তহবিল বাড়াতে চার থেকে পাঁচটি গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বিক্রির কথা ভাবছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকো। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই বিক্রি সফল হলে কোম্পানিটি প্রায় ৪০০ কোটি ডলার সংগ্রহ করতে পারবে।
বিশ্বের সবচেয়ে লাভজনক এই কোম্পানি বর্তমানে খরচ কমানো, কার্যকারিতা বাড়ানো এবং অপ্রধান সম্পদ বিক্রির দিকে মনোযোগ দিচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও আরামকো আবাসন প্রকল্প, পাইপলাইন এবং বন্দর–সম্পর্কিত অবকাঠামো বিক্রির পরিকল্পনাও করছে।
২০২৫ সাল থেকে লভ্যাংশ প্রায় এক-তৃতীয়াংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে আরামকো। এতে কোম্পানির আয়ে চাপ পড়বে। সৌদি সরকারের হাতে কোম্পানির ৮১ দশমিক ৫ শতাংশ মালিকানা রয়েছে। ফলে লভ্যাংশ কমলে সরকারের আয়ের বড় অংশেও প্রভাব পড়বে।
তেল রপ্তানি এখনো সৌদি বাজেটের প্রধান উৎস। ২০২৪ সালে দেশের মোট আয়ের ৬২ শতাংশই এসেছে জ্বালানি তেল খাত থেকে। তবু বছর শেষে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ৩ হাজার কোটি ডলারের বেশি।

