বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘শেয়ারট্রিপ-মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে নিরবচ্ছিন্ন সেবা, সময়ানুবর্তিতা ও যাত্রীসন্তুষ্টির কারণে ‘সেরা ডমেস্টিক এয়ারলাইন’-এর স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সেবার মান উন্নয়নে তাদের প্রতিশ্রুতি ও ধারাবাহিক অগ্রগতিই এ সম্মাননা অর্জনে মুখ্য ভূমিকা রেখেছে।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনলাইনে পরিচালিত মতামত জরিপে অংশ নেয় তিন হাজারের বেশি নিয়মিত আকাশভ্রমণকারী। এবার রেকর্ডসংখ্যক ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় এয়ারলাইনস, লাউঞ্জ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে। বিজয়ীরা গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ ট্রফি পান।
আন্তর্জাতিক রুটে যাত্রীসেবার জন্য আবারও ‘সেরা আন্তর্জাতিক এয়ারলাইন’-এর স্বীকৃতি পেয়েছে এমিরেটস। মানসম্পন্ন সেবা, পেশাদারিত্ব ও যাত্রীবান্ধব অভিজ্ঞতার কারণে এই স্বীকৃতি অর্জন করে সংস্থাটি। ‘সেরা কার্গো এয়ারলাইন’-এর পুরস্কার জিতে নিয়েছে সৌদিয়া কার্গো, যারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক বাজারে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ছাড়া পর্যটন খাতে আজীবন অবদানের জন্য ‘গ্যালাক্সি বাংলাদেশ’-এর চেয়ারম্যান তৌফিক উদ্দীন আহমেদকে সম্মাননা ট্রফি দেওয়া হয়। বিচারকমণ্ডলীর বিশেষ বিবেচনায় এই স্বীকৃতি পান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, জুরি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম, শেয়ারট্রিপের সহপ্রতিষ্ঠাতা ও সিইও সাদিয়া হক, স্যাবর বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার মো. সাইফুল হক এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ। বক্তারা দেশের এভিয়েশন খাতের অগ্রগতি এবং পর্যটনশিল্পের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ বছর কিছু নতুন ক্যাটাগরি যোগ করা হয়। এর মধ্যে ‘বাংলাদেশে জনপ্রিয় এয়ারলাইন ব্র্যান্ড’ উল্লেখযোগ্য। এই বিভাগে ১২টি এয়ারলাইনস সম্মাননা পায়। ‘সেরা এয়ারপোর্ট লাউঞ্জ’ ক্যাটাগরিতে এমটিবি এয়ার লাউঞ্জ গোল্ড, ইবিএল স্কাই লাউঞ্জ সিলভার ও সিটি ব্যাংকের এমেক্স লাউঞ্জ ব্রোঞ্জ ট্রফি জিতে নেয়। যাত্রীসেবার মান উন্নয়নে এই স্বীকৃতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১১ সদস্যের বিচারকমণ্ডলী অনলাইন ভোট যাচাই করে প্রতিটি বিভাগে বিজয়ী নির্বাচন করেন। তারা সবাই এভিয়েশন, পর্যটন, শিক্ষা ও বাণিজ্য খাতের অভিজ্ঞ পেশাজীবী। তাঁদের নিরপেক্ষ বিশ্লেষণ ও মূল্যায়নের মাধ্যমেই বিজয়ীদের তালিকা চূড়ান্ত করা হয়।
বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে এই পুরস্কার দিয়ে আসছে। এবারের আয়োজন ছিল ১১তম। প্রধান পৃষ্ঠপোষক ছিল দেশের শীর্ষ অনলাইন ট্রাভেল এজেন্সি শেয়ারট্রিপ। সহযোগী হিসেবে ছিল ইস্টার্ন ব্যাংক, স্যাবর বাংলাদেশ, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ও বাইটিকিটস।
এভিয়েশন খাতের সেবার মান উন্নয়ন এবং ভ্রমণশিল্পে প্রতিযোগিতা বাড়াতে ‘এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। যাত্রীদের মতামতের ভিত্তিতে এয়ারলাইনগুলোর পারফরম্যান্স মূল্যায়ন এই খাতের টেকসই অগ্রগতিতে ভূমিকা রাখছে।

