দেশেই তৈরি হচ্ছে ফ্রিজ ও এসির বেশির ভাগ খুচরা যন্ত্রাংশ। তবুও এসব যন্ত্রাংশ আমদানিতে সম্প্রতি সম্পূরক শুল্ক প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে করে দেশীয় ইলেকট্রনিকস শিল্প বড় ধরনের ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তাঁদের মতে, এনবিআরের এই সিদ্ধান্তের কারণে কয়েক হাজার কোটি টাকার দেশীয় বিনিয়োগ হুমকিতে পড়বে। পাশাপাশি কর্মসংস্থান হারাবে লক্ষাধিক মানুষ। এতে বাধাগ্রস্ত হবে দেশের উৎপাদনমুখী ইলেকট্রনিকস শিল্পের বিকাশ। বিপরীতে আমদানিনির্ভর সংযোজন শিল্প গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
স্থানীয় শিল্প উদ্যোক্তারা বলছেন, যেসব খুচরা যন্ত্রাংশ ইতিমধ্যেই দেশেই উৎপন্ন হচ্ছে, সেগুলোর আমদানিতে শুল্ক অব্যাহতি দেওয়া যুক্তিযুক্ত নয়। তাই তারা এই সুবিধা বাতিলের দাবি জানিয়েছেন।
গত ২৭ মে এনবিআর একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, যেসব উপকরণ দেশেই তৈরি হয় না, সেগুলোর আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। তবে ২৪ জুন এনবিআর আবার একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে, যেখানে বেশ কিছু দেশীয়ভাবে উৎপাদিত যন্ত্রাংশকেও শুল্ক অব্যাহতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, রেফ্রিজারেটর ও ফ্রিজার খাতে স্টোপার ব্লক, ডিয়োডোরেন্ট ব্লক, পিপি বটম প্লেট, ক্রিস্পার কভার, ড্রেনেজ পাইপ কভার, কম্প্রেসর হাউস কভার, কটন প্যাড, ফ্রিজ শেলফ, পিপি বেল্ট, ডাম্পিং ব্লকসহ আরও কয়েকটি পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। একইভাবে লাইট হোল্ডার আমদানিতেও শুল্ক মওকুফ হয়েছে। এছাড়া দেশীয় এয়ারকন্ডিশনার উৎপাদন খাতের জন্য ফ্যান ব্লোয়ার, এক্সিয়াল ফ্যান, ইনডোর কেসিং, টিউব প্লেট, এয়ার ফিল্টার, ডিস্ট্রিবিউশন পাইপসহ বেশ কয়েকটি যন্ত্রাংশের আমদানিতেও শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, ওয়ালটন, মিনিস্টার ও যমুনা ইলেকট্রনিকসসহ দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন পুরোপুরি স্থানীয়ভাবে ফ্রিজ ও এসি তৈরি করছে। এসব খাতে ব্যাপক বিনিয়োগ হয়েছে। তৈরি হয়েছে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, যেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে।
শিল্প সংশ্লিষ্টদের প্রশ্ন—এই শুল্ক সুবিধা আসলে কার স্বার্থে? তাঁদের মতে, এত দিন দেশীয়ভাবে উৎপাদিত এসব যন্ত্রাংশের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক থাকায় দেশীয় শিল্প বিকশিত হয়েছে। সরকার এসব পণ্যের আমদানিতে আবার শুল্ক আরোপ করলে নতুন বিনিয়োগ আসবে, কর্মসংস্থান বাড়বে এবং আমদানি নির্ভরতা কমবে।
উদ্যোক্তারা আশঙ্কা করছেন, এখন যন্ত্রাংশ আমদানিতে শুল্ক না থাকায় উৎপাদকরা আমদানিকেই লাভজনক মনে করবেন। এতে দেশীয় উৎপাদন কমে যাবে, বাড়বে বৈদেশিক মুদ্রার চাপ। ফলে ভবিষ্যতে বিনিয়োগ ও কর্মসংস্থান দুটোই হ্রাস পাবে। তাঁরা মনে করেন, জাতীয় রাজস্ব বোর্ডকে বিষয়টি গুরুত্ব দিয়ে পুনর্বিবেচনা করতে হবে। দেশেই উৎপাদিত যন্ত্রাংশের ওপর আগের মতো শুল্ক আরোপ জরুরি। তবেই দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ সুরক্ষিত থাকবে এবং দেশীয় শিল্প টিকিয়ে রাখা যাবে।

