বাংলাদেশে নগদবিহীন লেনদেন বাড়লেও বিদেশি মুদ্রা আয় তার সমানুপাতিক হারে বাড়েনি। গত পাঁচ বছরে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড—তিন ধরনের কার্ডের ব্যবহার এবং লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে বিদেশে লেনদেনে ব্যয় বেশি হলেও বিদেশি পর্যটকদের বাংলাদেশে ব্যয় কমেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে এসব কার্ড ইস্যু বেড়েছে ১৪০ শতাংশ, আর লেনদেন বেড়েছে ২২৮ শতাংশ। ফলে বোঝা যায়, দেশের ব্যবসা ও ব্যক্তি পর্যায়ে ডিজিটাল পেমেন্টের ওপর নির্ভরতা বাড়ছে। ২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশি কার্ডধারীরা দেশের বাইরে ৮৬৩ কোটি টাকার লেনদেন করেছেন। অথচ একই সময়ে বিদেশি কার্ডধারীরা বাংলাদেশে লেনদেন করেছেন মাত্র ২৬২ কোটি টাকা। অর্থাৎ, বিদেশে বাংলাদেশিদের খরচ দেশীয় আয়ের তুলনায় প্রায় ৩.২৯ গুণ বেশি। এই ব্যবধান দেখায়, বাংলাদেশের মানুষ বৈশ্বিক লেনদেনে সক্রিয় হয়ে উঠলেও দেশে বিদেশিদের ভোগ ব্যয় বাড়ছে না। ফলে বিদেশি মুদ্রা অর্জনে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি।
বিদেশি লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ভিসা ব্র্যান্ডের কার্ড। বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে (১৪ শতাংশ), এরপর চীনে (২১ শতাংশ, ডেবিট কার্ডে) এবং যুক্তরাজ্যে (২২ শতাংশ, প্রি-পেইড কার্ডে)। অন্যদিকে, বিদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকরাই বাংলাদেশে সর্বোচ্চ (৪২ শতাংশ) ব্যয় করেছেন।
২০২৫ সালের এপ্রিল মাসে সীমান্তপারের লেনদেন মার্চের তুলনায় বেড়েছে ২৯.৪৯ শতাংশ। একই সময় বাংলাদেশে অভ্যন্তরীণ ক্রেডিট কার্ড লেনদেনের অর্ধেকই হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। বিদেশে ডেবিট কার্ডের মাধ্যমে ৪ লাখ ৪৯ হাজার ৬২২টি লেনদেনে খরচ হয়েছে ৩১০ কোটি টাকা। সবচেয়ে বেশি ব্যয় হয়েছে নগদ উত্তোলন (২০.৭৮ শতাংশ), খুচরা দোকান (২০.৫৩ শতাংশ) ও ডিপার্টমেন্টাল স্টোরে (১৭.৮৫ শতাংশ)। প্রি-পেইড কার্ডে হয়েছে এক লাখ ১৮ হাজার ১২৮টি লেনদেন, যার মাধ্যমে খরচ হয়েছে ৮৪.৫ কোটি টাকা। এর মধ্যে সরকারি সেবায় খরচ হয়েছে ২৪.৬৮ শতাংশ, নগদ উত্তোলনে ১৮.৪৩ শতাংশ এবং ব্যবসায়িক সেবায় ১৮.২৯ শতাংশ।
২০২৪ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত বিদেশিদের বাংলাদেশে ভোগব্যয় কমে যায়। এরপর নভেম্বর থেকে তা কিছুটা বাড়লেও ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্তই ছিল স্থিতিশীল। মার্চে আবার হ্রাস পায়, তবে এপ্রিল মাসে তা কিছুটা বেড়েছে। বিদেশি আয় বাড়ানোর জন্য বিশেষজ্ঞরা পর্যটন খাতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন। প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান বলেন, ‘দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ৭০-৮০ শতাংশ বিদেশি পর্যটক হারিয়েছি। ২০টি পর্যটনবান্ধব দেশ এখন বাংলাদেশকে ‘ভ্রমণ নিষিদ্ধ’ তালিকায় রেখেছে।’
২০১২ সালে বাংলাদেশ ব্যাংক ‘প্লাস্টিক মানি’ চালুর উদ্যোগ নেয়। এখন তা বাস্তবতায় রূপ নিয়েছে। ক্রমবর্ধমান কার্ড লেনদেন দেখায়, দেশ একটি ডিজিটাল আর্থিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। তবে আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্যহীনতা, অর্থাৎ দেশের বাইরে খরচ বেশি আর দেশে আয় কম—এই ব্যবধান কমানো এখন সময়ের দাবি। এজন্য আন্তর্জাতিক পর্যটনসহ বিদেশি ভোক্তাদের বাংলাদেশমুখী আকর্ষণ বাড়ানো জরুরি।

