গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে অস্থিরতা স্পষ্ট। একদিকে বিভিন্ন শ্রেণিপেশার আন্দোলন, অন্যদিকে শিল্প-কারখানায় শ্রমিক অসন্তোষ বাড়ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশের মনোবলও আগের অবস্থায় ফিরেনি। এর মধ্যে মব সন্ত্রাসে বাড়ছে সামাজিক অস্থিরতা। আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা জারি রয়েছে। সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থার বড় সংকট তৈরি হয়েছে।
এর প্রভাব পড়েছে সরাসরি অর্থনীতিতে। গত ১৪ বছরের মধ্যে দেশে বিদেশি বিনিয়োগ নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। একইভাবে নাজুক অবস্থা দেশি বিনিয়োগেও। কমেছে শিল্প উৎপাদন, মন্থর ব্যবসায়িক গতি, আর কর্মসংস্থান হ্রাসের বিপরীতে বাড়ছে বেকারত্ব। বিশ্লেষকদের মতে, এই অচলাবস্থা কাটিয়ে বিনিয়োগ বাড়াতে হলে প্রথমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে হবে। তাঁদের আশা, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দীর্ঘমেয়াদি নীতিনির্ধারণ সহজ হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতাও ফিরে আসবে। তখন উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই-এপ্রিল) মধ্যে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৯১ কোটি ডলারে, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ১২৭ কোটি ডলার। পুরো ২০২৩-২৪ অর্থবছরে এফডিআই ছিল ১৪১ কোটি ৫৪ লাখ ডলার, যা ২০২২-২৩ অর্থবছরের ১৬০ কোটি ৫৪ লাখ ডলার থেকে কমেছে। ২০২১-২২ অর্থবছরে বিনিয়োগ এসেছিল ১৭১ কোটি ডলার। এমনকি করোনাকালীন ২০২০-২১ সালেও এফডিআই ছিল ১৩২ কোটি ৭৬ লাখ ডলার।
করোনার আগের ২০১৮-১৯ অর্থবছরে বিদেশি বিনিয়োগ ছিল ৩৪৮ কোটি ডলার। তুলনায়, চলতি বিনিয়োগ এখন ২০১১-১২ অর্থবছরের চেয়েও কম, যখন এফডিআই ছিল ১২০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বিদেশি পুনর্বিনিয়োগও কমেছে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বিনিয়োগ আগের তুলনায় ২৮ শতাংশ কমেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এফডিআই ছিল মাত্র ১০ কোটি ৪৩ লাখ ডলার। ছয় মাসে তা দাঁড়ায় ৫৯ কোটি ডলারে। তার মধ্যে সরাসরি বিনিয়োগ ২১ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ কম। পুনর্বিনিয়োগ হয়েছে প্রায় ৪০ কোটি ডলার।
উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকট, আমদানি বিধি-নিষেধ, রাজনৈতিক অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশি-বিদেশি উভয় বিনিয়োগেই স্থবিরতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা কমেছে ২৭ শতাংশ। একই সময়ে নিষ্পত্তিও কমেছে প্রায় ২২ শতাংশ। ঋণের উচ্চ সুদহার (১৬ শতাংশ) বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গত অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৬.৯৫ শতাংশ, যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। জিডিপির অনুপাতে বেসরকারি বিনিয়োগও কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে এই হার ছিল ২৩.৫১ শতাংশ, যেখানে আগের বছর ছিল ২৪.১৮ শতাংশ।
বিনিয়োগ কমার সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থানে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বলছে, ২০১০-১১ অর্থবছরে এক হাজার ২৮৫ কোটি ডলারে পাঁচ লাখ তিন হাজারের বেশি কর্মসংস্থান হয়েছিল। এরপর আর কোনো বছর এত কর্মসংস্থান সৃষ্টি হয়নি। ২০২০-২১ অর্থবছরে ৭৯৯ কোটি ডলারে কর্মসংস্থান হয়েছিল মাত্র এক লাখ ৮০ হাজার জনের। করোনার পরে কিছুটা আশা জাগলেও, জুলাই অভ্যুত্থানের পর বিনিয়োগ ও কর্মসংস্থান দুটোই পড়ে গেছে তলানিতে।
বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি বলছে, বাংলাদেশের বিনিয়োগ পরিবেশের প্রধান পাঁচটি বাধা হলো—বিদ্যুৎ ঘাটতি, অর্থায়নের সীমাবদ্ধতা, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য এবং উচ্চ করহার।
ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সাবেক সভাপতি রূপালী চৌধুরী বলেন, ‘দেশে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাঁরা অপেক্ষা করছেন।’ তিনি আরও বলেন, ‘দেশি কম্পানিগুলোর মধ্যেও বিনিয়োগের মনোভাব নেই।’ পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, ‘দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা ও সামষ্টিক অর্থনীতির সংকটের কারণে বিনিয়োগ বাড়ছে না। বিনিয়োগকারীরা নির্বাচনপরবর্তী স্থিতিশীলতা দেখতে চাচ্ছেন।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে বিনিয়োগও বাড়বে। তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা বন্দর ব্যবস্থাপনায় অংশ নিলে গতি আসবে, তবে নির্দিষ্ট সময়ের জন্য।’

