বিশ্বের শীর্ষ ধনীদের একজন, টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের শিক্ষাজীবন নিয়ে আগ্রহ বাড়ছে সবার মাঝে। কোথায় পড়েছেন, কীভাবে শুরু হয়েছে তার যাত্রা—এসব প্রশ্নে অনেকে খোঁজ করছেন তার প্রাথমিক জীবন নিয়ে।
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বেড়ে উঠেছেন মাস্ক। সেখানে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে ১৯৮৯ সালে তিনি পাড়ি জমান কানাডায়। ভর্তি হন কিংস্টনের কুইন্স ইউনিভার্সিটিতে। সেখানে দুই বছর পড়াশোনার পর চলে যান যুক্তরাষ্ট্রে। ভর্তি হন ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ায়। এই বিশ্ববিদ্যালয়ে তিনি দুটি ব্যাচেলর ডিগ্রি নেন—একটি পদার্থবিজ্ঞানে (ফিজিক্স) এবং অন্যটি অর্থনীতিতে (ইকোনমিকস)। আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন হয় ১৯৯৭ সালে।
১৯৯৫ সালে মাস্ক ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। কিন্তু মাত্র দুই দিন পরই সিদ্ধান্ত বদলান। পড়াশোনা ছেড়ে দেন ব্যবসায় নামার জন্য। সেখান থেকেই যাত্রা শুরু হয় তার প্রথম প্রযুক্তি কোম্পানি ‘জিপ-টু’র। এটি সফলভাবে বিক্রি করে গড়েন নিজের ক্যারিয়ার। বিশ্লেষকরা বলছেন, স্ট্যানফোর্ডের পিএইচডি ছেড়ে ব্যবসায় ঝুঁকে পড়ার সিদ্ধান্তই পরবর্তীতে তাকে রূপ দেয় বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তায়।
সম্প্রতি ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দল গঠনের। দলের নাম ‘আমেরিকা পার্টি’। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই রাজনৈতিক দল—রিপাবলিকান ও ডেমোক্র্যাটের বিকল্প হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৬ জুলাই) মাস্ক তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লেখেন, “আমরা একদলীয় শাসনের মধ্যে বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো—মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।”
তবে এ দল এখনো যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কি না, কিংবা নেতৃত্ব, কাঠামো বা ভবিষ্যৎ পরিকল্পনা কী—সেসব কিছু স্পষ্ট করেননি মাস্ক। এর আগে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ছিলেন ট্রাম্পের গুরুত্বপূর্ণ সমর্থক। ট্রাম্পকে সহায়তা করতে তিনি ব্যয় করেছিলেন প্রায় ২৫০ মিলিয়ন ডলার। নির্বাচনের পর তাকে সরকারের নতুন বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডিওজিই)’-এর দায়িত্ব দেওয়া হয়। লক্ষ্য ছিল বাজেট ব্যয় কমানো।
তবে চলতি বছরের মে মাসে মাস্ক প্রশাসন থেকে সরে দাঁড়ান। এরপর ট্রাম্পের বাজেট পরিকল্পনা নিয়ে শুরু করেন প্রকাশ্য সমালোচনা। ওই পরিকল্পনায় বিপুল ব্যয় বৃদ্ধির প্রস্তাব ছিল, সঙ্গে কর হ্রাস—যা বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি কয়েক ট্রিলিয়ন ডলার বাড়াতে পারে।
এ পরিস্থিতিতে মাস্ক ‘এক্স’-এ জনমত জরিপ চালান। সেখানে ২:১ ব্যবধানে অধিকাংশ মানুষ জানান, তারা নতুন রাজনৈতিক দল চান। সেই প্রতিক্রিয়ায় মাস্ক বলেন, “তারা সেটা পেতে যাচ্ছে।” তবে ‘আমেরিকা পার্টি’ নির্বাচনে অংশ নেবে কি না, কিংবা মাস্ক নিজেই প্রার্থী হবেন কি না—এসব বিষয়ে এখনো কিছু জানাননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আনতে পারে।

