মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি পণ্যের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন বলে সতর্ক করেছেন। এর উত্তরে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা সহজে আপস করবে না জাপান।
একটি টেলিভিশন টক শোতে ইশিবা বলেন, “আমরা সহজে আপস করবো না। তাই আলোচনায় সময় লাগছে এবং বিষয়টি জটিল হচ্ছে।” জাপান দ্রুত চুক্তি করতে চাইছে। কারণ আগামী বুধবার (৯ জুলাই) আলোচনার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। যদি এই সময়ে কোনো চুক্তি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র ১০ শতাংশের ওপর বাড়তি শুল্ক আরোপ করবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
ট্রাম্প সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি জাপানকে চিঠি লিখবেন। চিঠিতে বলা হবে ৩০ থেকে ৩৫ শতাংশ বা নির্ধারিত পরিমাণ শুল্ক দিতে হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্র-জাপানের বাণিজ্য সম্পর্ককে অন্যায্য হিসেবেও উল্লেখ করেছেন। বিশেষত, তিনি জাপানের কাছে মার্কিন গাড়ি ও চালের আমদানির পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী ইশিবা বলেন, “আমরা মিত্র, তবে যা বলা দরকার তা অবশ্যই বলব। আমরা যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টিকারী দেশ। আমাদের অন্যদের সঙ্গে এককাতারে রাখা ঠিক হবে না।” ট্রাম্পের চিঠি নিয়ে জানতে চাইলে ইশিবা অন্য একটি টক শোতে বলেন, “সব পরিস্থিতির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

