গ্রীষ্ম ও বর্ষা—এই দুই মৌসুমে বাজার ভরে ওঠে আম, কাঁঠাল, লিচু ও নানা জাতের মৌসুমি ফলে। তবে এর বাইরেও কিছু কম পরিচিত ফল বাজারে দেখা যায়, যেগুলোর মধ্যে অন্যতম কাঠলিচু বা আঁশফল। বাদামি রঙের ছোট আকারের এই ফলটি তুলনামূলকভাবে কম পরিচিত। ঢাকার বিভিন্ন বাজার, রাস্তার পাশের টুকরির দোকানে মাঝেমধ্যে এটি বিক্রি হলেও দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের আগ্রহ তুলনামূলকভাবে কম।
তবে ঢাকার দোহার-নবাবগঞ্জ, মানিকগঞ্জ সদর ও পার্শ্ববর্তী সিঙ্গাইর অঞ্চলে প্রায় প্রতিটি বাড়ির আঙিনায় এই ফলের গাছ চোখে পড়ে। স্থানীয়রা বলছেন, কাঠলিচু প্রাকৃতিকভাবেই জন্মায়। রাস্তার ধারে কিংবা পরিত্যক্ত জমিতেও গাছ জন্মে যায়। আগে এই ফলের তেমন কদর ছিল না, তবে এখন দাম ও চাহিদা দুই-ই বেড়েছে।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবীআহ নূর আহমেদ জানান, কাঠলিচু বাংলাদেশের ঐতিহ্যবাহী ফল। জয়পুরহাটসহ কয়েকটি জেলায় সীমিত আকারে এই ফল দেখা গেলেও সর্বাধিক উৎপাদন হয় মানিকগঞ্জ সদর ও সিঙ্গাইরে। ফলটিতে রয়েছে শর্করা, ভিটামিন সি, খনিজসহ নানা পুষ্টিগুণ। ফলে স্থানীয়ভাবে এর চাহিদা বাড়ছে।
রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের উল্টো পাশে টুকরিতে করে আমলকী ও কাঠলিচু বিক্রি করছিলেন আমজাদ উদ্দীন। তিনি বলেন, ‘প্রায়ই এ রকম মৌসুমি ফল বিক্রি করি। যাঁরা চেনেন, তাঁরাই কেনেন। প্রতিদিন দেড়-দুই কেজির মতো বিক্রি হয়। দাম কেজিপ্রতি ৫০০–৬০০ টাকা হওয়ায় মানুষ সাধারণত ১০০–২০০ গ্রাম করেই কিনে নেন।’
দোহার-নবাবগঞ্জ অঞ্চলে রাস্তার পাশে, আঙিনায় কিংবা পরিত্যক্ত জমিতে স্বাভাবিকভাবেই এই গাছ জন্ম নেয়। ফল পাকার সময় বাদুড় ও পাখির হাত থেকে বাঁচাতে গাছ ঢেকে রাখা হয় মশারি দিয়ে। এখন অনেকেই এর বাণিজ্যিক সম্ভাবনা দেখে নতুন করে গাছ লাগাচ্ছেন।

প্রাকৃতিক কৃষি প্রতিষ্ঠানের সমন্বয়কারী দোলোয়ার জাহান জানান, ‘গত দুই থেকে চার বছরে কাঠলিচুর চাহিদা বেড়েছে। আমাদের মোহাম্মদপুর বিক্রয়কেন্দ্র ও ফেসবুক পেজে প্রতি মৌসুমে ১,৫০০ থেকে ২,০০০টি কাঠলিচু বিক্রি করি। আমরা শ হিসাবে বিক্রি করি।’ তিনি আরও বলেন, এই ফলের প্রধান শত্রু বাদুড়। তাই মশারির ব্যবহার খুবই জরুরি।
বাজারে কাঠলিচুর দাম বিভিন্নভাবে নির্ধারিত হয়। আঁটি বা ছড়াভেদে এটি বিক্রি হয় ২০–৩০ টাকায়। আবার কেজিপ্রতি দাম হয় ২০০–৩০০ টাকা। কেউ কেউ পাইকারি দরে ৩০০–৩৫০ টাকায় কিনে খুচরা বাজারে ৪৫০–৫০০ টাকায় বিক্রি করেন। কারওয়ান বাজারের ব্যবসায়ী এনামুল হক জানান, ‘প্রতিদিন আমরা ১৫–২০ কেজি কাঠলিচু বিক্রি করি। আগে চাহিদা কম থাকলেও এখন অনেকেই খুঁজে খুঁজে কিনছেন।’
ফল ব্যবসায়ীরা বলছেন, লিচুর মৌসুম শেষ হওয়ার পরপরই বাজারে কাঠলিচুর সরবরাহ বাড়ে এবং আরও এক মাস তা বাজারে পাওয়া যায়। যদিও বাণিজ্যিকভাবে এর চাষ খুব একটা হয় না, তবু চাহিদা থাকায় স্থানীয়ভাবে অনেকেই এটি উৎপাদন করে লাভবান হচ্ছেন। কম পরিচর্যায় ফল পাওয়া যায় বলেই এর চাষে আগ্রহ বাড়ছে। স্থানীয়ভাবে কাঠলিচু নামে পরিচিত এই ফলের বৈজ্ঞানিক নাম ডিমোকারপাস লংগান। কেউ কেউ একে আঁশফলও বলেন।

