পাকিস্তান একটি ইসলামি রাষ্ট্র। এখানকার মুসলমানদের জন্য মদ নিষিদ্ধ। তবে দেশটির প্রায় ৯০ লাখ অমুসলিম নাগরিক—যারা ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ—তাদের জন্য সীমিতভাবে অ্যালকোহল কেনাবেচার অনুমতি রয়েছে।
রাওয়ালপিন্ডির কাছে বাতাসে ছড়িয়ে থাকা তীব্র মল্ট ও ইস্টের গন্ধ জানান দেয়—এখানেই চলছে পাকিস্তানের সবচেয়ে পুরোনো ও বৃহৎ মদ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মুরি ব্রিউয়ারির কার্যক্রম। ১৮৫৭ সালে ব্রিটিশ আমলে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ১৯৭০-এর দশকে পাকিস্তানে মুসলমানদের জন্য মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা এখনও বহাল। তবুও মুরি ব্রিউয়ারি লাভজনকভাবে ব্যবসা করে যাচ্ছে। এর পেছনে রয়েছে ঐতিহাসিক ভিত্তি, সীমিত প্রতিযোগিতা এবং এক বিশেষায়িত, অভিজাত ও বিশ্বস্ত গ্রাহকশ্রেণি। তবে সরকারি কড়াকড়ি, জটিল কাগজপত্র এবং উচ্চ কর হার এই ব্যবসাকে কঠিন করে তুলেছে। এসব সীমাবদ্ধতার মধ্যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইস্পানিয়া বান্ধারা চান, মদ ছাড়িয়ে কোমল পানীয়ের বিশাল বাজারেও প্রতিষ্ঠানটির বিস্তার ঘটাতে।
মুরি ব্রিউয়ারিতে এখন কোমল পানীয়, এনার্জি ড্রিংক ও মাল্টেড বেভারেজ উৎপাদন হচ্ছে। যদিও এই পণ্যগুলো এখনও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মতো জনপ্রিয় হয়নি। তারপরও এ খাতে প্রবৃদ্ধির হার দ্বিগুণ এবং এর বড় চালিকাশক্তি দেশের তরুণ জনগোষ্ঠী—যাদের ৬৪ শতাংশের বয়স ৩০ বছরের নিচে।
মুর্রি ব্রিউয়ারির কর্মীরা কারখানার কোমল পানীয় উৎপাদন ইউনিটে কাজ করছেন।
“আমার ২২০০ জন কর্মীকে আমি বলি, কেবল মদ বিক্রি করে বসে থাকলে চলবে না,” বলেন বান্ধারা, যিনি তার পরিবারের তৃতীয় প্রজন্ম হিসেবে ১৬৫ বছরের পুরোনো এ ব্যবসা চালাচ্ছেন। “মদের বাজার সীমিত। তাই আমাদের মনোযোগ দিতে হবে নন-অ্যালকোহলিক খাতে। আমি নিজেকে প্রমাণ করতে চাই এখানে, লিকার ব্যারন হিসেবে নয়।”
তবে এই বাজার সহজ নয়। কোমল পানীয়ের খাতে পেপসিকো ও কোকা-কোলার মতো বহুজাতিক কোম্পানিগুলো ইতিমধ্যে শক্ত অবস্থান গড়ে তুলেছে। যদিও কিছু দেশীয় ব্র্যান্ডও রয়েছে।
ব্রিউয়ারির এক কর্মী কারখানার একটি উৎপাদন ইউনিটে মদের বোতল প্যাক করছেন।
পাকিস্তান সরকার নির্ধারণ করে—মদের দাম কত হবে, কোথায় বিক্রি হবে এবং কারা তা কিনতে পারবে। শুধু গত বছরই মুরি ব্রিউয়ারি সরকারের কাছে কর বাবদ দিয়েছে ৩৫ মিলিয়ন ডলার। অথচ প্রতিষ্ঠানটি দেশে অ্যালকোহলজাত পণ্যের কোনো বিজ্ঞাপন দিতে পারে না, অনলাইন অর্ডারও নিষিদ্ধ। একমাত্র রপ্তানির অনুমতি আছে, তবে তা শুধুমাত্র ওআইসি সদস্যভুক্ত নয় এমন দেশগুলোতে। “মুসলিম দেশগুলোতেও মদ ও বিয়ারের চাহিদা অনেক,” বলেন বান্ধারা। “তবুও আমরা সেখানে রপ্তানি করতে পারি না।” এদিকে দেশে মদের চেয়ে বেশি বিক্রি হয় কোমল পানীয় ও জুস। এর বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার। সেই বাজারেই জায়গা করে নিতে চাইছে মুরি ব্রিউয়ারি।
মুরি ব্রিউয়ারির কর্মীরা কারখানার মদ উৎপাদন ইউনিটে কাজ করছেন।
পাকিস্তানে মদ এখনও একটি নিষিদ্ধ বস্তু। এমনকি যেসব রান্নার উপকরণে সামান্য অ্যালকোহল থাকে, সেগুলোও পাওয়া কঠিন। বড় শহরের কিছু পাঁচতারকা হোটেলে চুপিসারে মদের মেনু থাকে। কেউ চাইলে মদ দেওয়া হয় চা-পাত্রে। কিছু রেস্তোরাঁয় ব্যক্তিগত বোতল নিয়ে গেলেও আলাদা করে বসানো হয়। জানালাবিহীন ‘বার’-এরও দেখা মেলে। অমুসলিম নাগরিক ও বিদেশিরা নির্দিষ্ট লাইসেন্সের ভিত্তিতে সীমিত পরিমাণ মদ কিনতে পারেন। কূটনীতিক, উচ্চবিত্ত শ্রেণি ও প্রভাবশালী পরিবারগুলো মদের সংগ্রহে এগিয়ে। অনেকের বাড়িতেই মদের জন্য নির্ধারিত আলাদা ঘর রয়েছে।
কিছু প্রদেশে অমুসলিমদের পরিচালনায় ওয়াইন শপ আছে। কেউ কেউ গাড়িতে বসেই কিনে নেন। এমনকি হোম ডেলিভারিও চালু আছে। সিন্ধ প্রদেশের এক মুসলিম তরুণ বলেন, “এক বোতল দেশি বিয়ার ৫০০ রুপি (প্রায় ১.৭৬ ডলার)। ঠান্ডা না নিলে ৫০ রুপি সাশ্রয় হয়। বিয়ার এখন কফির চেয়েও সস্তা।” পাকিস্তানে মুসলিমদের জন্য মদ্যপান আইনত দণ্ডনীয়। একসময় শাস্তি ছিল ৮০ বেত্রাঘাত। তবে ২০০৯ সালে ফেডারেল শরিয়াহ কোর্ট এই দণ্ড অইসলামিক ঘোষণা করে। কারণ, ইসলাম ধর্মে মদ পাপ হলেও, তা দণ্ডনীয় অপরাধ হিসেবে নির্ধারিত নয়।
বর্তমানে মুরি ব্রিউয়ারি-র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হলো চীনা মালিকানাধীন হুই কোস্টাল ব্রিউয়ারি অ্যান্ড ডিস্টিলারি, যারা ২০২১ সালে বেলুচিস্তানে বিয়ার উৎপাদন শুরু করে, মূলত চীনা শ্রমিকদের জন্য। প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে বান্ধারা এতে বিস্মিত। “আমরা অনেক আগে পাঞ্জাবে আরেকটি ব্রিউয়ারি দিতে চেয়েছিলাম, তখন বলা হয়েছিল—‘মাথা নিচু রাখো, এটা মুসলিম দেশ,’” বলেন তিনি। “তাহলে ইসলামি আদর্শের ব্যাখ্যা যদি আমার জন্য হয়, চীনা কোম্পানিকে লাইসেন্স দেওয়া হলো কীভাবে?”—প্রশ্ন তুলেছেন বান্ধারা।
তিনি বলেন, “আমরা যেহেতু মদের ব্যবসা করি, তাই সহজেই আমাদের দিকে আঙুল তোলা হয়। অথচ মানের প্রশ্নে আমাদের নিয়ে কোনো আপস নেই। ইউরোপীয়, চাইনিজ বা জার্মান দূতাবাসের মতো ক্রেতারা যদি সন্তুষ্ট থাকে, তাহলে মান নিয়ে সন্দেহ থাকার কথা নয়।”