দেশের অন্যতম বাণিজ্যিক প্রবেশদ্বার সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুকনা হলুদের আমদানি বেড়েছে। এতে বাজারে সরবরাহ বৃদ্ধি পেয়ে গুঁড়া হলুদের দাম কমেছে। ফলে ভোক্তাদের মধ্যে স্বস্তির বাতাস ছড়িয়ে পড়েছে।
ভোমরা শুল্ক স্টেশন থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে এই বন্দরের মাধ্যমে আমদানি হয়েছে ৩২ হাজার ২৯১ টন শুকনা হলুদ। এর মূল্য ধরা হয়েছে ৫৪২ কোটি ৫৪ লাখ টাকা। আগের অর্থবছরে আমদানির পরিমাণ ছিল ৩০ হাজার ৪৫০ টন, যার মূল্য ছিল ৪৮৮ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ এক বছরে আমদানি ১ হাজার ৮৪১ টন বৃদ্ধি পেয়েছে এবং মূল্য বেড়েছে প্রায় ৫৫ কোটি টাকা।
সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে দেখা গেছে, গুঁড়া হলুদের দাম প্রতি কেজি ২৮০ টাকা, যা এক থেকে দেড় মাস আগেও ছিল ৩২০ টাকা। ব্যবসায়ী আকবর আলী জানান, বাজারে সরবরাহ বাড়ায় দাম কমেছে। এই ধারা অব্যাহত থাকলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, আমদানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। ফলে শুধু হলুদ নয়, অন্যান্য মসলার দামও সহনশীল অবস্থায় রয়েছে।
ভোমরা স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের মালিক মো. আবু হাসান জানান, চলতি অর্থবছরে আমদানি অনেক বেড়েছে। এসব শুকনা হলুদ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে, বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে। স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তারা আশা করছেন, ভবিষ্যতেও এমন সরবরাহ ও তদারকি অব্যাহত থাকলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

