কৃষিপণ্য রপ্তানি বাড়াতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোল্ড স্টোরেজ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি, কার্গো টার্মিনালে জায়গা না থাকলে নতুন এক্সপোর্ট টার্মিনালে রপ্তানিযোগ্য পণ্য অস্থায়ীভাবে হিমাগারে রাখার ব্যবস্থাও করা হবে।
রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাকসবজি ও ফলমূলসহ নানা কৃষিপণ্য রপ্তানি করা হয়। এ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতেই তিনি কার্গো ভিলেজ পরিদর্শনে যান। তিনি আরও বলেন, “কয়েকদিন আগে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের কারণে রপ্তানিতে কিছুটা বাধা সৃষ্টি হয়েছিল। আমাদের ব্যবসায়ীরা তখন আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। এখন রপ্তানির পরিমাণ অনেক বেড়েছে। এ কারণে কোল্ড স্টোরেজ আরও বড় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
নতুন এক্সপোর্ট টার্মিনাল প্রসঙ্গে উপদেষ্টা জানান, সেখানে স্ক্যানিং শেষে বিমানে স্থান না পাওয়া পণ্য তাৎক্ষণিকভাবে কোল্ড স্টোরেজে সংরক্ষণের সুযোগ থাকবে। বর্তমানে ওভারলোড হলে এ ধরনের কোনো বিকল্প ব্যবস্থা নেই। তিনি বলেন, “আমরা কেবল এক-দুটা পণ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। বৈচিত্র্যময় কৃষিপণ্য কীভাবে রপ্তানি করা যায়, তা নিয়ে কাজ করছি।

