চীনে গোপনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ পাচারের আশঙ্কায় মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো মধ্যবর্তী দেশে রপ্তানি সীমিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এনভিডিয়া করপোরেশনসহ উন্নতমানের এআই চিপ নির্মাতা কোম্পানিগুলোর ওপর এই বিধিনিষেধ আরোপের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ, বাণিজ্য মন্ত্রণালয়ের খসড়া নীতির বরাত দিয়ে।
খসড়া অনুযায়ী, চীন যেন মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো দেশ হয়ে এসব এআই চিপ না পায়, তা নিশ্চিত করতেই এই নিয়ন্ত্রণ আনা হচ্ছে। যদিও এই প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, ফলে নীতিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন এই নিয়ন্ত্রণের সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন আমলে চালু হওয়া ‘এআই ডিফিউশন রুল’ বাতিলের কথাও ভাবছে ট্রাম্প প্রশাসন। এই নিয়মের বিরুদ্ধে প্রযুক্তি কোম্পানি ও মিত্র রাষ্ট্রগুলোর আপত্তি ছিল। এনভিডিয়াও এই আপত্তিকারীদের মধ্যে অন্যতম।
এর আগে, ২০২২ সালে চীনের ওপর যুক্তরাষ্ট্র যেসব সেমিকন্ডাক্টর নিষেধাজ্ঞা দেয়, সেগুলো বহাল থাকবে। ২০২৩ সালে আরও ৪০টির বেশি দেশের ওপর যেসব নিয়ন্ত্রণ আরোপ করা হয়, সেগুলোও কার্যকর থাকবে। এসব পদক্ষেপের লক্ষ্য—এআই প্রযুক্তির বৈশ্বিক বাজারে স্বচ্ছতা আনা এবং মার্কিন নজরদারি নিশ্চিত করা।
তবে নতুন খসড়া পুরোপুরি বাইডেন প্রশাসনের নীতির বিপরীতে যাচ্ছে না। তবু এতে কিছু প্রশ্ন স্পষ্ট নয়। বিশেষ করে বিদেশি ডেটা সেন্টারে যুক্তরাষ্ট্রের তৈরি এআই চিপ ব্যবহারের নিরাপত্তা প্রশ্নে অনিশ্চয়তা রয়েছে। এ নিষেধাজ্ঞার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মধ্যপ্রাচ্যে।
বাণিজ্য মন্ত্রণালয় আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও সচিব হাওয়ার্ড লুটনিক কংগ্রেসে বলেন, “আমাদের মিত্ররা এআই চিপ কিনতে পারবে, তবে সেটি হতে হবে অনুমোদিত মার্কিন ডেটা সেন্টার অপারেটরের মাধ্যমে এবং সংশ্লিষ্ট ক্লাউড অপারেটরও মার্কিন অনুমোদিত হতে হবে।”
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং অবশ্য বলেছেন, সাধারণভাবে চিপ পাচারের কোনো প্রমাণ নেই। যদিও তিনি কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি। মালয়েশিয়া ও থাইল্যান্ড এখনো মার্কিন খসড়া নীতি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি। থাই কর্তৃপক্ষ বলছে, তারা বিস্তারিত জানার অপেক্ষায়। আর মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, প্রযুক্তি খাতের জন্য স্বচ্ছ ও স্থিতিশীল নীতি জরুরি।
এদিকে মালয়েশিয়ায় এআই চিপ প্রবেশ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ এখনো কাটেনি। দেশটিতে ইতিমধ্যেই ওরাকল করপোরেশনসহ অনেক কোম্পানি ডেটা সেন্টারে বড় বিনিয়োগ করেছে। সাম্প্রতিক বাণিজ্যিক তথ্য বলছে, সেখানে চিপ রপ্তানি বাড়ছে। সিঙ্গাপুরে এনভিডিয়া চিপ যুক্ত সার্ভার মালয়েশিয়ায় পাঠানোর অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তারা গ্রাহকদের প্রতারণা করেছে। তবে এনভিডিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি, এবং কোম্পানিটি মামলার অংশ নয়।
নতুন নিষেধাজ্ঞার ফলে ব্যবসায়িক চাপ কমাতে কিছু শিথিলতাও রাখছে যুক্তরাষ্ট্র। বিশেষ লাইসেন্স ছাড়াই নির্দিষ্ট সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্রভুক্ত দেশের কোম্পানিগুলো মালয়েশিয়া ও থাইল্যান্ডে এআই চিপ পাঠাতে পারবে। চিপ উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ—বিশেষ করে প্যাকেজিংয়ের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার ওপর নির্ভরতা থাকায় কিছু রপ্তানিতে ছাড় থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

