বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনা কেনার পরিমাণ বাড়িয়েছে। মে মাসে তারা মোট ২০ টন সোনা কিনেছে, যা আগের মাসগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এই তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে সোনার চাহিদা বেড়েছে।
মে মাসে সবচেয়ে বেশি সোনা কিনেছে কাজাখস্তানের ন্যাশনাল ব্যাংক—৭ টন। এর ফলে তাদের মোট মজুত দাঁড়িয়েছে ২৯৯ টনে। বছরের শুরু থেকে এখন পর্যন্ত তারা ১৫ টন সোনা কিনেছে। যদিও ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, সামগ্রিকভাবে সোনা মজুতের গতি কিছুটা ধীর হয়েছে।
একই সময়ে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক ৬ টন সোনা কিনেছে। চলতি বছর এখন পর্যন্ত তারা ১৫ টন সোনা সংগ্রহ করেছে। সবচেয়ে বড় নিট ক্রেতা দেশ পোল্যান্ড। মে মাসে ৬ টনসহ পুরো বছরজুড়ে দেশটির কেনা সোনার পরিমাণ দাঁড়িয়েছে ৬৭ টন। এ ছাড়া, চীনের পিপলস ব্যাংক এবং চেক রিপাবলিকের ন্যাশনাল ব্যাংক, উভয়েই মে মাসে ২ টন করে সোনা কিনেছে।
অন্যদিকে, সোনা বিক্রির দিক থেকে শীর্ষে ছিল সিঙ্গাপুরের মুদ্রানীতি কর্তৃপক্ষ। তারা মে মাসে ৫ টন সোনা বিক্রি করেছে। উজবেকিস্তান ও জার্মানির ডয়চে বুন্ডেসব্যাক ১ টন করে বিক্রি করেছে। চলতি বছরে সবচেয়ে বড় নিট বিক্রেতা দেশ হচ্ছে উজবেকিস্তান, যাদের বিক্রি ২৭ টন। সিঙ্গাপুর বিক্রি করেছে মোট ১০ টন।
সম্প্রতি প্রকাশিত ‘সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভে ২০২৫’–এ অংশগ্রহণকারী কেন্দ্রীয় ব্যাংকারদের ৪৩ শতাংশ জানিয়েছেন, ভবিষ্যতে তারা সোনা মজুত আরও বাড়াবেন। ৯৫ শতাংশ উত্তরদাতা মনে করছেন, আগামী ১২ মাসে সরকারি পর্যায়ে সোনা মজুত বিশ্বব্যাপী বাড়বে। তাঁরা বলছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির সময় সোনা একটি নিরাপদ ও বিকল্প সম্পদ হিসেবে কাজ করে—এই বিশ্বাস থেকেই তারা এ সিদ্ধান্ত নিচ্ছেন।
এই মনোভাব প্রতিফলিত হয়েছে ‘অফিশিয়াল মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ফোরাম (OMFIF)’–এর গ্লোবাল পাবলিক ইনভেস্টর ২০২৫ প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, ৩২ শতাংশ কেন্দ্রীয় ব্যাংক আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে সোনা মজুত বাড়ানোর পরিকল্পনা করছে।

