জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার বিরোধী ৬১ দিনের টানা আন্দোলনের নেপথ্যে ছিল সুপরিকল্পিত সরকার পতনের ষড়যন্ত্র। আন্দোলনের মুখে থাকা ‘সংস্কার বিরোধিতা’ আসলে ছিল একটি অজুহাত। গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশি-বিদেশি চক্রের ইন্ধনে এ আন্দোলনকে পরিণত করা হয়েছিল ‘সম্পূর্ণ শাটডাউন’-এ।
সূত্র জানায়, এ চক্রের মূল উদ্দেশ্য ছিল রাজস্ব আদায়ের কার্যক্রমে বিঘ্ন ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলা। এমনকি সরকারের বদলির আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো চরম ঔদ্ধত্যও দেখিয়েছে আন্দোলনকারীরা। গোয়েন্দা সংস্থা ও এনবিআরের নিজস্ব অনুসন্ধানে এসব চক্রান্তের প্রমাণ মিলেছে। অনেকেই এ ষড়যন্ত্রকে ঐতিহাসিক ‘কাশিমবাজার কুঠি’র ঘটনার সঙ্গে তুলনা করছেন।
সূত্র জানায়, এ আন্দোলন নিয়ে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বিস্তর পরিকল্পনা করা হয়েছে। এমনকি এক অতিরিক্ত কর কমিশনার ওই গ্রুপে অর্থ উপদেষ্টাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। নাম তার শামীম বুলবুল। তিনি ঢাকার কর অঞ্চল-২১–এ কর্মরত। তার বাড়ি বাগেরহাট। ২৬ জুন রাত ১০টা ৬ মিনিটে হোয়াটসঅ্যাপে তিনি ওই মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে শামীম বুলবুল বলেন, ‘অভিযোগ আংশিক সত্য। এটি ছিল ব্যাচমেটদের গ্রুপ। মন্তব্যটি এক ব্যাচমেটকে উদ্দেশ্য করে করেছিলাম। উপর দিয়ে অর্থ উপদেষ্টার একটি বক্তব্যের স্ক্রিনশট ছিল, সেটা খেয়াল করিনি। আমার কোনো ব্যাচমেট সেটি স্ক্রিনশট দিয়ে বাইরে পাঠিয়েছে।’
গোয়েন্দা সূত্র বলছে, এভাবেই চ্যাট গ্রুপ থেকে উঠে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। বিশ্লেষণে স্পষ্ট, আন্দোলনকারীদের লক্ষ্য ছিল দাবি আদায় নয়—বরং সরকারের ভিত নড়িয়ে দেওয়া। এর পেছনে কাজ করেছে একটি সুসংগঠিত গ্রুপ, যারা প্রশাসনের ভেতরে বসেই সরকারের গোপন তথ্য পাচারসহ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে সক্রিয় ছিল। এদের সঙ্গে যোগাযোগ ছিল পলাতক আওয়ামী লীগের অনেক নেতা–মন্ত্রীদের।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অন্তত ১৫ জন কর্মকর্তা আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। তারা ‘সুপিরিয়র মিনি গ্রুপ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালনা করতেন। এছাড়া কিছু প্রমোশনপ্রাপ্ত কর্মকর্তাও যুক্ত ছিলেন চক্রান্তে। একদল তরুণ গোয়েন্দার তদন্তে অন্তত ৬০ জন মূলহোতার নাম উঠে এসেছে। আন্দোলনে যারা সরাসরি যুক্ত ছিলেন, তাদের সংখ্যা কয়েকশ’। চকচকে দৃষ্টিতে দেখা যাচ্ছে—খাবার সরবরাহ থেকে লোকজন জোগাড় পর্যন্ত পুরো অপারেশন ছিল পরিকল্পিত।
১২ মে সরকার একটি অধ্যাদেশ জারি করে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠন করে। উদ্দেশ্য ছিল কর নীতিমালা নির্ধারণ ও রাজস্ব আদায় পৃথক করা, যাতে দুর্নীতি কমে এবং আয় বাড়ে। দেশের অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী এবং আইএমএফ দীর্ঘদিন ধরেই এ ধরনের সংস্কারের পক্ষে।
প্রথম আন্দোলনের ঘোষণা আসে ২৯ এপ্রিল। পরদিন এনবিআরে শুরু হয় অবস্থান কর্মসূচি। এরপর ২৫ মে পর্যন্ত চলতে থাকে অবস্থান ও কলম বিরতি। যদিও অর্থ মন্ত্রণালয় ২৫ মে এক বিজ্ঞপ্তিতে জানায়, এনবিআরকে ‘স্বাধীন ও বিশেষায়িত’ বিভাগে উন্নীত করা হবে। এর প্রেক্ষিতে আন্দোলন সাময়িকভাবে থামে। কিন্তু ২৬ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগ ও অপসারণের দাবি তোলে। ২৩ জুন থেকে ফের আন্দোলন তীব্র হয়। দাবি ছিল অধ্যাদেশ বাতিলের পরিবর্তে চেয়ারম্যান মো. আবদুর রহমানের অপসারণ। সরকার বদলি আদেশ দিলেও আন্দোলনকারীরা তা মানেনি। বরং ২৪ জুন সংবাদ সম্মেলনে বদলির আদেশ ছিঁড়ে ফেলে সরকারকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানায়।
২৮ ও ২৯ জুন ‘শার্টডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির মাধ্যমে আন্দোলন চূড়ায় পৌঁছায়। এরপর সরকার হার্ডলাইনে গিয়ে এনবিআর সংশ্লিষ্ট সব অফিস ও স্টেশনকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ ঘোষণা করে। জানানো হয়, আন্দোলন জাতীয় স্বার্থ ও নাগরিক অধিকার পরিপন্থি।
সরকারি ঘোষণার পর আন্দোলনে থাকা সাধারণ কর্মকর্তাদের টনক নড়ে। চাকরি হারানোর শঙ্কায় তারা আন্দোলন থেকে সরে দাঁড়ায়। নেতারা তখন ব্যবসায়ী নেতাদের মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং ২৯ জুন রাতে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহার করেন। পুরো ৬১ দিনের আন্দোলনে এপ্রিল মাসে ১ দিন, মে মাসে ৩১ দিন এবং জুন মাসে ২৯ দিন কর্মসূচি চলে। এনবিআরের অনেক কর্মকর্তা এ চক্রান্তকে ১৭৫৭ সালের ঐতিহাসিক ‘কাশিমবাজার কুঠি’র ষড়যন্ত্রের পুনরাবৃত্তি বলেই দেখছেন।
একাধিক পদস্থ কর্মকর্তা বলেন, ‘যেভাবে মুর্শিদাবাদে বসে মীর জাফর আর লর্ড ক্লাইভ সিরাজউদ্দৌলাকে হটানোর ছক কষেছিল, একইভাবে এ আন্দোলনেও সরকার পতনের ছক কষা হয়েছিল। হতাশাজনকভাবে কিছু গণমাধ্যমও তাতে ভূমিকা রেখেছে।’ এখন পর্যন্ত এক কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত এবং কয়েকজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অন্তত ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রস্তুতিও চলছে।

