চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় পরিবর্তন এসেছে। আজ (সোমবার) থেকে টার্মিনালটির দায়িত্ব নিয়েছে চিটাগাং ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। এর মধ্য দিয়ে শেষ হলো সাইফ পাওয়ারটেকের ‘তরফদার যুগ’।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম) অনুযায়ী সিডিডিএল এনসিটির পরিচালনার দায়িত্ব নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। তিনি বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনায় আগামী ৬ মাস সিডিডিএল এনসিটির অপারেশন চালাবে। এরই মধ্যে সাইফ পাওয়ারটেকের কাছ থেকে কার্যক্রম বুঝে নিচ্ছে ড্রাই ডকের একটি টিম।
গত ১৭ বছর ধরে এনসিটি পরিচালনায় ছিল বেসরকারি খাত। শেষ সময়ে টার্মিনালটি পরিচালনা করেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তরফদার রুহুল আমীন। রোববার (৬ জুলাই) প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হয়। এরপরই টার্মিনাল পরিচালনায় সরকারি ব্যবস্থায় ফেরার সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয় ৬ মাসের জন্য ৪২ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে।
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় এই টার্মিনালে রয়েছে পাঁচটি জেটি। এখানে একসঙ্গে চারটি সমুদ্রগামী ও একটি অভ্যন্তরীণ জাহাজ বার্থিং করতে পারে। ২০২৪ সালে বন্দরটি ৩২ লাখ ৭৫ হাজার ৬২৭ টিইইউস কনটেইনার হ্যান্ডল করেছে। এর মধ্যে ১২ লাখ ৮১ হাজার টিইইউস হ্যান্ডল হয়েছে এনসিটিতে, যা মোট হ্যান্ডলিংয়ের ৪৪ শতাংশ।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় এনসিটি পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকারও সেই প্রক্রিয়া এগিয়ে নেয়। আগামী নভেম্বরে এ নিয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

