বিশ্বে বৈদ্যুতিক গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। একের পর এক প্রতিষ্ঠান এ খাতে পা রাখছে। স্মার্টফোন ও গ্যাজেট নির্মাতা শাওমিও অনেক আগেই বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় নাম লিখিয়েছে। এবার তারা বাজারে এনেছে নতুন মডেল YU7—যা একটি সম্পূর্ণ নতুন এসইউভি।
চীনে গাড়িটি লঞ্চ হওয়ার পর থেকেই দারুণ সাড়া ফেলেছে। এটিই শাওমি অটোর দ্বিতীয় গাড়ি এবং প্রথম SUV মডেল। ডিজাইন, প্রযুক্তি ও পারফরম্যান্সের দিক থেকে এটি টেসলা মডেল ওয়াই-এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছে।
YU7 মডেলটিতে রয়েছে আকর্ষণীয় ম্যাকল্যারেন স্টাইল এলইডি হেডলাইট, ফুল-উইথ এলইডি টেললাইট এবং ড্যাকটেইল স্পয়লার।
গাড়ির ভেতরে থাকছে ১.১ মিটার ‘হাইপারভিশন’ ডিসপ্লে, ৩টি মিনি এলইডি প্যানেল—যেগুলো ১২০০ নিটস উজ্জ্বলতা, ৯০৩ জোন এবং ১০৮ পিপিডি রেজোলিউশন দিতে সক্ষম। ইনফোটেইনমেন্ট স্ক্রিন ১৬.১ ইঞ্চির। হার্ডওয়্যারে রয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি, যা ১.৩৫ সেকেন্ডে বুট হয়। মাত্র ১৫ মিনিটে ওটিএ আপডেট নেওয়া যাবে। সামনে ও পেছনে থাকছে মাল্টি টাচ ডিসপ্লে।
তিনটি ভ্যারিয়েন্ট, আলাদা পারফরম্যান্স:
- স্ট্যান্ডার্ড: একক রিয়ার মোটর, ২৩৫ কিলোওয়াট শক্তি, ৫২৮ এনএম টর্ক, ০–১০০ কিমি/ঘণ্টা গতি পেতে সময় লাগে ৫.৮৮ সেকেন্ড, সিএলটিসি রেঞ্জ ৮৩৫ কিমি।
- প্রো: ডুয়াল মোটর, ৩৬৫ কিলোওয়াট, ৬৯০ এনএম, গতি ৪.২৭ সেকেন্ডে ১০০ কিমি/ঘণ্টায়, রেঞ্জ ৭৭০ কিমি।
- ম্যাক্স: সর্বোচ্চ ৫০৮ কিলোওয়াট শক্তি, ৮৬৬ এনএম টর্ক, ৩.২৩ সেকেন্ডে ০–১০০ কিমি/ঘণ্টা, শীর্ষগতি ২৫৩ কিমি/ঘণ্টা, রেঞ্জ ৭৬০ কিমি।
YU7-এ থাকছে ৫.২সি চার্জিং পোর্ট। মাত্র ১৫ মিনিটের চার্জে গাড়িটি ৬২০ কিমি পর্যন্ত চলতে পারে। গঠনগত দিক থেকে গাড়িটি অ্যালুমিনিয়াম ও হাই-স্ট্রেংথ স্টিল চ্যাসিসে তৈরি। প্রো ও ম্যাক্স ভ্যারিয়েন্টে থাকছে দ্বিগুণ চেম্বার এয়ার সাসপেনশন। নিরাপত্তায় রয়েছে ADAS প্রযুক্তি ও স্বয়ংক্রিয় ড্রাইভিং সাপোর্ট।
চীনে YU7-এর দাম শুরু হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৫০০ ইউয়ান থেকে। প্রো ও ম্যাক্সের দাম যথাক্রমে ৩ লাখ ৯০ হাজার ও ৪ লাখ ৬ হাজার ইউয়ান। বাংলাদেশি মুদ্রায় সর্বোচ্চ দাম প্রায় ৪৩ লাখ টাকা।

