চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেই চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার পথ বেছে নিয়েছেন মোহাম্মদ ফয়সাল। শুরু করেছিলেন মাত্র দুটি গাভি দিয়ে। এখন তাঁর খামারে গরুর সংখ্যা ২০টি। দুধ বিক্রি করেই মাসে আয় করছেন ৩৫ থেকে ৪০ হাজার টাকা। বছরে আয় দাঁড়ায় প্রায় ১১ লাখ টাকায়।
কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম কোনাখালী বাজারপাড়া গ্রামের বাসিন্দা ফয়সাল। বাবা মোহাম্মদ রশিদ একজন কৃষক। চার ভাইবোনের মধ্যে ফয়সাল তৃতীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০২১ সালে স্নাতক ও ২০২২ সালে স্নাতকোত্তর পাস করেছেন তিনি।

পড়াশোনা শেষ হওয়ার আগেই গ্রামের বাড়িতে ‘ফয়সাল অ্যাগ্রো ফার্ম’ নামের খামার গড়ে তোলেন। শুরুটা করেছিলেন ৫৫ হাজার টাকা দিয়ে একটি গাভি ও একটি বকনা কেনার মধ্য দিয়ে। পরে বেসরকারি একটি সংস্থা থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে খামারের ছাউনি নির্মাণ করেন। ১৬০ শতাংশ জমি বর্গা নেন ঘাস চাষের জন্য। বর্তমানে খামারে কাজ করেন তিনজন কর্মচারী।
ফয়সালের ভাষায়, ‘প্রতিদিন গাভিগুলো থেকে ৯০ থেকে ১০০ লিটার দুধ সংগ্রহ করি। পেকুয়া ও বদরখালী বাজারে নিয়মিত দুধ সরবরাহ করি। মাংস নয়, আমি খামার করছি দুধের জন্য। পুষ্টির ঘাটতি মেটানোই আমার লক্ষ্য।’
চকরিয়ার মাতামুহুরী নদীর তীরে ফয়সালের বসতবাড়ি। বাড়ির উঠানে রয়েছে ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের একটি ছাউনি, যেখানে ১১টি গাভি রাখা হয়। পাশের পুকুরপাড়ে রয়েছে ৯টি বাছুর। সরেজমিন দেখা যায়, ফয়সাল নিজেই গাভিদের ঘাস খাওয়াচ্ছেন। এক কর্মচারী দুধ দোহন করছেন, আরেকজন ঘাস কেটে আনছেন।
বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিন বন্ধুকে নিয়ে গাছের চারা বিক্রির একটি অনলাইন ব্যবসা শুরু করেছিলেন ফয়সাল। সেখান থেকেই উদ্যোক্তা হওয়ার আগ্রহ জন্মায়। এরপর আর চাকরির পেছনে ছুটতে হয়নি তাঁকে। জীবনে কখনো কোনো চাকরির পরীক্ষাও দেননি বলে জানান তিনি। তিনি বলেন, “চাকরিতে স্বাধীনতা নেই, তাই আগ্রহ ছিল না। পাইকারি দামে দুধ বিক্রি করে দিনে আয় হয় প্রায় সাত হাজার টাকা। বছরে বাছুর বিক্রি করে আয় হয় প্রায় সাত লাখ। কর্মচারীর বেতন, খাদ্য, ওষুধসহ অন্যান্য খরচ বাদ দিয়ে বছরে হাতে থাকে ১১ লাখ টাকার মতো।”
শুরুর দিকে স্থানীয়দের নানা কথা শুনতে হয়েছিল ফয়সালকে। অনেকেই চাকরি না করে খামার করা নিয়ে বিদ্রুপ করতেন। এমনকি মা–বাবাও প্রথমে মন খারাপ করতেন। এখন পরিবার ও প্রতিবেশীরা তাঁকে উদ্যোক্তা বলেই চিনেন।
ফয়সালের বাবা মোহাম্মদ রশিদ বলেন, “ফয়সাল পড়ার ফাঁকে আয় করত। যখন গরুর খামারের কথা বলল, প্রথমে রাজি হইনি। পরে তার আত্মবিশ্বাস দেখে আমরা তাকে সমর্থন দিই। এখন আমাদের জীবন অনেক ভালো চলছে।”
২০২৪ সালের ১৩ জানুয়ারি ‘ফয়সাল অ্যাগ্রো ফার্ম’ কক্সবাজার জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে নিবন্ধন পায়। চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফ উদ্দিন জানান, “খামারকে রোগমুক্ত রাখতে নিয়মিত পরামর্শ ও চিকিৎসাসেবা দেওয়া হয়। ভ্যাকসিন এলে সেটিও সরবরাহ করা হয়।” এই তরুণ উদ্যোক্তা প্রমাণ করেছেন—মেধা, পরিশ্রম আর সংকল্প থাকলে গ্রামে থেকেও সফল হওয়া সম্ভব।

