নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫‘। আগামী ১৮ ও ১৯ জুলাই এই উৎসব বসবে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। জেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিতব্য উৎসবের স্লোগান—‘আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ’।
উৎসবে থাকবে আম বিক্রয় ও প্রদর্শনীসহ নানা ধরনের স্টল। ক্রেতারা বিশেষ ছাড়ে আম কিনতে পারবেন। মেলায় থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা, যার মাধ্যমে দেশ-বিদেশে আম পাঠানো যাবে। এছাড়া আম দিয়ে তৈরি খাবারের স্টল, চাষিদের প্রোফাইল, অনলাইন সরবরাহকারীদের তথ্যভিত্তিক স্টলও থাকবে। প্রতিদিন বিকেলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা।
ফেস্টিভালের অংশ হিসেবে ১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশন আয়োজন করা হবে। সেখানে আমের রোগবালাই প্রতিরোধ, উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। থাকবে উন্মুক্ত সেমিনার, যেখানে রপ্তানি ও বাজার সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় করবেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, “সাপাহারে যে পরিমাণ আম উৎপাদিত হয়, তা দিয়ে সারা বছর শিল্পকারখানা চালানো সম্ভব। অথচ এখানকার চাষিরা এখনো ন্যায্য দাম পান না। এই উৎসবের মাধ্যমে সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে চাই।”

জানা গেছে, সাপাহারে বর্তমানে ২০ হাজারের বেশি আম চাষি রয়েছেন। প্রায় ১০ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে আম। গত বছর এই আম বাণিজ্যকে কেন্দ্র করে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেন হয়েছে।
প্রথমবারের মতো এই উৎসব সফল হলে সাপাহারের আম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাবে বলে আশা করছেন উদ্যোক্তারা। চাষি ও ব্যবসায়ীদের বিশ্বাস, এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে।

