বর্ষার ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। অল্প কিছু মাছ বাজারে এলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে। মণপ্রতি ইলিশ বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে এক লাখ ১২ হাজার টাকায়, যা কেজিপ্রতি দাঁড়ায় ১,৭৫০ থেকে ২,৮০০ টাকা। দুই কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম আরও বেশি।
বরিশালের কাগাশুরা থেকে ইলিশ কিনতে পোর্ট রোডে এসেছিলেন আমজাদ হোসেন। তিনি জানান, পারিবারিক অনুষ্ঠানের জন্য বড় সাইজের ইলিশ কিনতে এসে হতাশ হয়েছেন। তার ভাষায়, “পোর্ট রোডে সাত-আট বছর আগেও আষাঢ় মাসে প্রতিদিন এক-দেড় হাজার মণ ইলিশ উঠতো। এখন দিনে ৩০/৪০ মণও আসে কিনা সন্দেহ। তারও দাম এমন যে কিনে নেওয়া কঠিন।”
পোর্ট রোডের খুচরা বিক্রেতা মিজানুর রহমান বলেন, “জেলেরাই এখন কম মাছ পাচ্ছে। যেটুকু আসে, সেটা সড়কপথে সরাসরি ঢাকায় চলে যাচ্ছে। তাই স্থানীয় বাজারে মাছ মিলছে না। সপ্তাহখানেক আগেও বাজারে একটা ইলিশ ছিল না। এখন যা আসছে, তা নদীর মাছ, তাই দাম বেশি। সাগরের মাছ এলে দাম কমবে।”
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জেলে সিজার মিয়া জানান, “নিষেধাজ্ঞা না থাকলেও সাগর উত্তাল। সিগন্যাল থাকায় অনেক বোট সাগরে যেতে পারছে না। তাছাড়া সাগরে চাহিদামতো মাছও মিলছে না। এখন একটা বোট চালাতে কমপক্ষে পাঁচ লাখ টাকার মালামাল লাগে, সেই বিনিয়োগ উঠবে কি না—সেটাই অনিশ্চিত।”

বাজার ঘুরে দেখা গেছে, ৪০০ গ্রাম ওজনের ইলিশের মণপ্রতি দাম ৬৮ থেকে ৭০ হাজার টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ এক লাখ টাকা, আর এক কেজির বেশি ওজনের ইলিশ এক লাখ আট থেকে এক লাখ ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বড় সাইজের ইলিশের দাম গত ১০ দিনে প্রতি মণে ১২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপণ কান্তি ঘোষ জানান, রোববার পোর্ট রোডে প্রায় ৩০ মণ ইলিশ এসেছে। সাগরে সিগন্যাল থাকায় জেলেরা যেতে পারছেন না। তিনি বলেন, “সাগরের মাছ এলে বাজারে সংকট থাকবে না, দামও কমে আসবে। গতকালের তুলনায় আজ কিছুটা দাম কমতে পারে। কলাপাড়ার মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কয়েকটি ট্রলার এসেছে। এতে স্থানীয় বাজারে সরবরাহ বাড়বে।”
তিনি আরও বলেন, “পদ্মা সেতু চালু হওয়ার পর সড়কপথে দ্রুত মাছ ঢাকায় পৌঁছানো যাচ্ছে। ফলে ট্রলার থেকে মাছ ওঠার পরই ভালো দামের আশায় তা ঢাকায় পাঠিয়ে দেন আড়ৎদারেরা। এতে স্থানীয় বাজারে কিছুটা ঘাটতি তৈরি হচ্ছে।”

