যুক্তরাজ্যে পুরনো ইলেকট্রনিক পণ্য মেরামত ও পুনঃব্যবহারের ওপর থেকে ভ্যাট (VAT) তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী, দাতব্য প্রতিষ্ঠান ও কমিউনিটি গ্রুপগুলো। সরকারের কাছে পাঠানো এক চিঠিতে তারা বলেছেন, এই পদক্ষেপ নিলে পণ্যের ব্যবহারকাল বাড়বে, বর্জ্য কমবে এবং ভোক্তারা সাশ্রয়ী মূল্যে বিকল্প পণ্য পাবেন।
চিঠিটি পরিবেশমন্ত্রী স্টিভ রিডকে উদ্দেশ করে পাঠানো হয়। এতে বলা হয়, একটি “টেকসই সার্কুলার অর্থনীতি” গড়ে তুলতে ভ্যাট প্রত্যাহারসহ নানা উদ্যোগ নিতে হবে। বর্তমানে যুক্তরাজ্যে ব্যবসায়িকভাবে বিক্রি হওয়া সংস্কারকৃত ইলেকট্রনিক পণ্যে নতুন পণ্যের মতোই ভ্যাট ধার্য হয়।
‘ব্যাক মার্কেট’-এর যুক্তরাজ্য প্রধান ক্যাটি মেডলক জানান, ভোক্তারা পুরনো পণ্যের চেয়ে নতুন কেনাকেই বেশি গুরুত্ব দেন, যার প্রধান কারণ মূল্য। “সংস্কার পণ্যের ওপর ভ্যাট কমানো হলে তা আরও সাশ্রয়ী হবে এবং মানুষ টেকসই পণ্যের দিকে ঝুঁকবে।” বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সুয়েজ ইউকের প্রধান ড. অ্যাডাম রিড বলেন, মানুষ এখন আর দোকানে গিয়ে কেনাকাটা করে না। অনলাইনে অর্ডার দিলেই ২৪ ঘণ্টার মধ্যে নতুন টোস্টার চলে আসে। অথচ সংস্কার প্রক্রিয়া ধীর, অনিশ্চিত ও অনেক সময় অপ্রতুল মনে হয়। “যদি নির্ভরযোগ্য কোনো সার্ভিস থেকে অর্ধেক দামে সংস্কারকৃত পণ্য পাওয়া যায়, তাহলে এর চাহিদা বেড়ে যাবে—ছাত্র, নিম্ন আয়ের মানুষ কিংবা সাশ্রয়ী হতে চাওয়া সবাই উপকৃত হবে।”
‘রিস্টার্ট প্রজেক্ট’ নামের একটি দাতব্য সংস্থার সহ-পরিচালক ফিওনা ডিয়ার বলেন, অনেক ব্যবসা ও কমিউনিটি গ্রুপ সংস্কারকাজে আগ্রহী হলেও বাস্তবে তা জটিল ও ব্যয়বহুল হয়ে পড়ে। “তবে এখন অনেক পরিচিত ব্র্যান্ডই এগিয়ে এসেছে, যেটা নীতিনির্ধারকদের জন্য সাহস জোগায়।” চিঠিতে আরও বলা হয়, সংস্কার খাতকে বিস্তৃত করলে সবুজ চাকরি ও দক্ষতার বাজার বাড়বে। ২০৩৫ সালের মধ্যে এই খাতে ৩১ হাজার এবং ২০৪০ সালের মধ্যে ৮০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

ড. রিড বলেন, “এটা শুধু পরিবেশবান্ধব নয়, অর্থনীতির জন্যও ভালো। অনেক বেকার বা কম কর্মসংস্থানে থাকা মানুষ এতে যুক্ত হতে পারেন। যেমন কাঠমিস্ত্রি বা প্লাম্বার কখনো প্রয়োজন ফুরায় না, তেমনি সংস্কার ও পুনঃব্যবহারের কাজেও ভবিষ্যতে বড় চাহিদা তৈরি হবে।” তিনি জানান, ইতিমধ্যে দেশের বিভিন্ন কলেজে এই বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। “ওয়েস্ট লন্ডন বা ম্যানচেস্টারের কলেজগুলোতে ১৮ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীরা এই ধরণের বাস্তবভিত্তিক স্কিল শিখতে আগ্রহী।” চিঠিতে কারিস, ব্যাক মার্কেট, সুয়েজ, রিস্টার্ট প্রজেক্টসহ যুক্তরাজ্যের বিভিন্ন মেরামত ক্যাফে নেটওয়ার্ক ও মোট ২৫টি প্রতিষ্ঠান স্বাক্ষর করেছে।
এদিকে যুক্তরাজ্যের ট্রেজারি বিভাগ জানায়, তারা বর্জ্য কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য একটি ‘সার্কুলার ইকোনমি টাস্কফোর্স’ কাজ করছে, যার মাধ্যমে ইংল্যান্ডে বৈদ্যুতিক সরঞ্জামের পুনঃব্যবহার ও রিসাইক্লিং বাড়ানোর পরিকল্পনা নেওয়া হবে। তবে ভবিষ্যতের করনীতিতে কী পরিবর্তন আসতে পারে, সে বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চায়নি।

