যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যে উচ্চ শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার করেছেন। একইসঙ্গে কয়েকটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। এই ঘোষণার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় ধরনের পতনের মুখে পড়ে।
ট্রাম্প জানান, ১ জুন থেকে ইউরোপীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি তিনি প্রত্যাহার করছেন। এর ফলে নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণের চাহিদা হঠাৎ কমে যায়। সোমবার (৭ জুলাই) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ০.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১১ দশমিক শূন্য ৯ ডলারে। একইভাবে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও ০.৭ শতাংশ কমে ঠেকেছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে।
রোববার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে নতুন শুল্ক কার্যকরের বিষয়ে জানানো হবে এবং তা কার্যকর হবে ১ আগস্ট থেকে। তবে কিছু দেশের জন্য সময়সীমা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সোমবার সরকারি ছুটির কারণে বাজার বন্ধ। এর আগে শুক্রবার ট্রাম্প ইউরোপীয় পণ্যে নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া, কিন্তু সেখানে তৈরি নয় এমন অ্যাপল আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে এবং ছয় সপ্তাহের মধ্যে এটি সর্বোচ্চ মূল্য অর্জন করে। তবে রোববারের শুল্ক স্থগিতের ঘোষণায় বাজারে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে স্বর্ণের চাহিদা কমেছে।
বিশ্ববাজারে রুপার দামও ০.৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ ডলারে। প্লাটিনামের দাম কমেছে ২.৪ শতাংশ, দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলারে। প্যালাডিয়ামের দাম ১.৯ শতাংশ কমে হয়েছে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলার।
বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, স্বল্পমেয়াদি শুল্ক ছাড়ের এই ঘোষণা স্বর্ণের দামে দুর্বলতা সৃষ্টি করেছে। তার পূর্বাভাস, স্বর্ণের দাম ৩ হাজার ৩২০ ডলারের আশপাশে ওঠানামা করতে পারে, যেখানে প্রতিরোধ মাত্রা ৩ হাজার ৩৬০ ডলার। এদিকে, ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন, যারা ব্রিকস জোটের কথিত ‘অ্যান্টি-আমেরিকান’ নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যদিও তিনি এই ‘অ্যান্টি-আমেরিকান’ নীতির ব্যাখ্যা দেননি।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বাণিজ্য উত্তেজনা ও সম্ভাব্য নতুন শুল্ক বিশ্ববাজারে মূল্যস্ফীতি বাড়াতে পারে। এতে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে। বিনিয়োগকারীরা বর্তমানে বছরে মাত্র দুটি সুদহার কমার প্রত্যাশা করছেন। সম্প্রতি ট্রাম্প বড় অঙ্কের করছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির বিল আইনে পরিণত করেছেন। বিশ্লেষকদের মতে, এতে করে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ ট্রিলিয়ন ডলারের বেশি বাড়তে পারে।
এদিকে, হংকংয়ের মাধ্যমে চীনের নিট স্বর্ণ আমদানি এপ্রিল মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে। এটি ২০২৪ সালের মার্চের পর সর্বোচ্চ আমদানি। সিটি ব্যাঙ্ক জানিয়েছে, তারা তাদের ০-৩ মাসের স্বর্ণের মূল্য লক্ষ্যমাত্রা ৩ হাজার ১৫০ ডলার থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ ডলার/আউন্স করেছে। এর পেছনে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে—মার্কিন শুল্কনীতি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং বাজেট ঘাটতি।
ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে ইউক্রেন যুদ্ধ অন্যতম। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া টানা তৃতীয় রাত দেশটিতে হামলা চালিয়েছে। এর একদিন আগেই সংঘাতের ইতিহাসে অন্যতম বড় আকাশ হামলা হয়েছে।
সোমবারে দামে স্পট সিলভারের দর ০.৩ শতাংশ কমে হয়েছে ৩৩ দশমিক ৩৮ ডলার। প্লাটিনাম ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮ দশমিক ৫৩ ডলারে এবং প্যালাডিয়াম নেমেছে ০.৬ শতাংশ, বর্তমান মূল্য ৯৮৭ দশমিক ২৭ ডলার।

