যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে ১ আগস্ট থেকে বাড়তি শুল্ক গুনতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক চিঠিতে তিনি জানান, সমঝোতা না হলে আরও বেশি হারে শুল্ক আরোপ হবে।
ক্ষমতায় দ্বিতীয় মেয়াদে ফিরে গত ২ এপ্রিল ‘রেসিপ্রোকাল’ শুল্কনীতি ঘোষণা করেন ট্রাম্প। এতে বলা হয়, যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে না, তাদের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করা হবে।
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেস্যান্ট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটি দেশকে চিঠি দিয়ে সতর্ক করেছেন। নতুন সমঝোতা না মানলে ১ আগস্ট থেকে এপ্রিলের ঘোষণানুযায়ী শুল্ক কার্যকর হবে। সেই ঘোষণায় ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্কের কথা বলা হয়েছিল। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে একাধিক দেশ।
এদিকে, ব্রিকস জোটের সমালোচনার জবাবে আরও কঠোর অবস্থান নেন ট্রাম্প। তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রবিরোধী নীতি নেবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোস্যাল’-এ ট্রাম্প লেখেন, ‘‘যে দেশ যুক্তরাষ্ট্রবিরোধী ব্রিকস নীতি মেনে চলবে, তাদের বাড়তি শুল্ক দিতে হবে।’’ যদিও ‘যুক্তরাষ্ট্রবিরোধী’ নীতির ব্যাখ্যা তিনি দেননি।
ব্রিকস নেতারা ট্রাম্পের এ শুল্কনীতিকে ‘নির্বিচার’ বলে অভিহিত করেছেন। তারা বলছেন, এ ধরনের পদক্ষেপ বিশ্ববাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে এবং এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) নীতির পরিপন্থী

