বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্টকে (বিসিসিটি) দক্ষ, স্বয়ংসম্পূর্ণ ও আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ১০ বছর মেয়াদি স্ট্রাটেজিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই পরিকল্পনা তৈরি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ (সোমবার) রাজধানীর মহাখালীতে বিসিসিটি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিবেশ উপদেষ্টা জানান, ট্রাস্ট আইন ২০১০ সংশোধন এবং নির্দেশিকা হালনাগাদের উদ্যোগ নেয়া হবে। এছাড়া সরকারি জমি বরাদ্দ পেলে বিসিসিটির নিজস্ব ভবন নির্মাণ করা হবে। এ উদ্যোগ সংস্থার কার্যক্রমে স্থায়িত্ব ও গতিশীলতা আনবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত গবেষণাগুলোর পেটেন্ট সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি প্রকল্পগুলোর রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং চালু করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে।
বিসিসিটির জনবল দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, “জনবলকে আরও কার্যকর ও প্রভাবশালী হিসেবে গড়ে তুলতে হলে সময়োপযোগী প্রশিক্ষণ জরুরি।” পাশাপাশি জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, বিসিসিটির ব্যবস্থাপনা পরিচালক গাজী মো. ওয়ালি উল হক, সচিব (উপসচিব) শেখ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

