২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আজ সোমবার (৭ জুলাই) ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরের ৩০ জুন পর্যন্ত রাজস্ব আদায়ের পরিমাণ ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা হয়েছে। রাজস্ব আদায় নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা স্বাভাবিকভাবে কাজ করছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী এনবিআরের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, এনবিআরের কর্মচারীরা নিয়ম মেনে দায়িত্ব পালন করলে ভয় বা উদ্বেগের কিছু নেই। তবে দায়িত্বের সীমা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে বিশেষ নজরদারি থাকবে। মো. আব্দুর রহমান খান আরও জানান, এখন থেকে কাস্টমসের ডিউটি পেমেন্ট ‘অটোমেটেড চালান’ (অ্যাডি চালান) পদ্ধতিতে করা যাবে। এতে পণ্য খালাসের জটিলতা কমবে এবং রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যবস্থা পুরোপুরি চালু করা হবে। উল্লেখ্য, এর আগের ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর ৩ লাখ ৮২ হাজার ৫৬২ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল।

