যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে। এর আগে বাংলাদেশি পণ্যে শুল্কহার ছিল ৩৭ শতাংশ।
সোমবার (৭ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে লেখা একটি চিঠি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ শেয়ার করেন। সেখানে তিনি নতুন শুল্কনীতি ও বাণিজ্য সম্পর্ক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
চিঠিতে ট্রাম্প বলেন, “প্রিয় ড. ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি সম্মানের বিষয়। বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি সত্ত্বেও আমরা অংশীদারত্ব বজায় রেখেছি। তবে এবার সেই সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য ভিত্তিতে গড়ে তোলার সময় এসেছে।”
মার্কিন প্রেসিডেন্ট ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে লেখা চিঠি
তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের শুল্ক ও অ-শুল্ক নীতি এবং বাণিজ্য প্রতিবন্ধকতার কারণে দীর্ঘমেয়াদি ঘাটতি তৈরি হয়েছে। সেই পরিস্থিতি থেকে সরে আসতে এই পদক্ষেপ নেওয়া জরুরি।” চিঠিতে বলা হয়, ১ আগস্ট থেকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এমনকি উচ্চতর শুল্ক এড়ানোর উদ্দেশ্যে পাঠানো পণ্যও এই শুল্কের আওতায় পড়বে।
ট্রাম্প আরও জানান, “এই শুল্কহার প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে যদি বাংলাদেশি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না।”
শুল্ক নিয়ে পাল্টা পদক্ষেপ নেওয়া হলে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। চিঠিতে তিনি লেখেন, “যদি বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে সেই বাড়তি হারে আমাদের ৩৫ শতাংশ শুল্ক যুক্ত করা হবে। এই ব্যবস্থা আমাদের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই নেওয়া হয়েছে।”