তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পর টেক্সটাইল খাতের চাপের মুখে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মিল মালিকদের দাবি, নতুন এ করনীতিতে খাতটি টিকে থাকার হুমকিতে পড়েছে। এনবিআর সরাসরি কর প্রত্যাহারের পথে না গিয়ে বিকল্প সুবিধার চিন্তা করছে।
বিটিএমএ (বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন) সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানায়, সপ্তাহখানেকের মধ্যে এআইটি প্রত্যাহার না হলে খাতটি মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এরপর ৭ জুলাই বিটিএমএর একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে কর প্রত্যাহারের দাবি জানায়।
বৈঠক শেষে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল সাংবাদিকদের বলেন, “আমরা উপদেষ্টাকে জানিয়েছি, তুলা আমদানিতে আরোপিত ২% এআইটি শিল্পের ওপর বাড়তি বোঝা। তিনি বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন। আশা করছি ২৪ ঘণ্টার মধ্যে সমাধান আসবে।” টেক্সটাইল খাত এ বছর বাজেটে দুটি বড় পরিবর্তনের সমালোচনা করেছে। একটি হলো তুলা আমদানিতে ২% এআইটি, আরেকটি হলো স্থানীয় সুতার ওপর ভ্যাট কেজিপ্রতি ৩ টাকা থেকে বাড়িয়ে ৫ টাকা করা।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, “এই দুই পরিবর্তন মিলগুলোর ওয়ার্কিং ক্যাপিটালে সরাসরি আঘাত করবে। বছরে যেভাবে কর আরোপ হচ্ছে, তা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এতে অনেক মিল কার্যক্রম পরিচালনায় হিমশিম খাবে।” তিনি জানান, এনবিআর বলছে বছর শেষে এই কর সমন্বয় করা যাবে, তবে সেটি জটিল প্রক্রিয়া। “যেখানে সরকার সবকিছু সহজ করছে, সেখানে তুলা আমদানিতে কর জটিল করা যুক্তিযুক্ত নয়।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল আরও বলেন, “তুলা আমদানিতে কর আরোপ থাকলেও ইয়ার্ন আমদানিতে কোনো কর নেই। এতে স্থানীয় তুলা আমদানিকারকদের খরচ বাড়বে এবং বৈষম্য তৈরি হবে।” বৈঠকে গ্যাসের দাম কমানোসহ বিকল্প নীতি সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “তুলার ওপর কর প্রত্যাহার করলে অন্য খাতগুলোও একই সুবিধা চাইবে। তাই প্রত্যাহারের পরিবর্তে বিকল্প সহায়তার বিষয়ে ভাবা হচ্ছে।” বিটিএমএর প্রতিবাদ থেমে নেই। ১ জুলাই এনবিআর চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে রাসেল নতুন করকে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।
শিল্পসংশ্লিষ্টরা বলছেন, প্রায় ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগের এ খাতে তুলার ওপর বাড়তি কর চাপানো হলে পোশাক রপ্তানিকারকরা বিদেশি সরবরাহকারীদের দিকে ঝুঁকতে পারেন। এতে দেশের অনেক স্পিনিং ও উইভিং মিল ঝুঁকিতে পড়বে।
বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, “এসব কর আমাদের অস্তিত্বের সংকটে ফেলছে। এতে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে।” বিশেষজ্ঞদের মতে, নতুন করের ফলে স্থানীয় সুতার দাম বাড়বে। ফলে বিদেশি সুতা আমদানির প্রতি আগ্রহ বাড়বে এবং দেশীয় উৎপাদকরা বাজার হারানোর ঝুঁকিতে পড়বেন।

