দেশে ডিম ও মুরগির বাজারদর উৎপাদন খরচের নিচে নেমে যাওয়ায় প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে শত শত পোল্ট্রি খামার। গত ছয় মাসেই অন্তত ১০ হাজার ক্ষুদ্র ও মাঝারি খামার বন্ধ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সভাপতি সুমন হাওলাদার। সোমবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সুমন হাওলাদার জানান, বর্তমানে খামার পর্যায়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। অথচ উৎপাদন খরচ ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগির ক্ষেত্রেও একই চিত্র। কেজিপ্রতি উৎপাদন খরচ ২৩০ থেকে ২৫০ টাকা হলেও বাজারে তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। একটি ডিম উৎপাদনে যেখানে খরচ পড়ে ১০ টাকা, সেখানে তা বিক্রি করতে হচ্ছে মাত্র ৬ থেকে ৮ টাকায়। ফলে ব্রয়লার ও সোনালি মুরগির প্রতিকেজিতে গড়ে ৩০–৫০ টাকা এবং প্রতিটি ডিমে ২–৩ টাকা করে ক্ষতি হচ্ছে খামারিদের।

সুমন হাওলাদার বলেন, “যখন বাজারে দেখি হঠাৎ করে ডিম ও মুরগির দাম কমে গেছে, তখন সাধারণ ভোক্তা খুশি হন। কিন্তু আমরা প্রশ্ন করি, এই স্বস্তি আসলে কি স্থায়ী, নাকি ভবিষ্যতের অস্বস্তির সূচনা? প্রান্তিক খামারিদের পুঁজি, শ্রম আর স্বপ্ন ধ্বংস হচ্ছে।”
তিনি আরও বলেন, “একটি খামার বন্ধ মানে শুধু উৎপাদন কমে যাওয়া নয়, বরং একটি পরিবার আয় হারাচ্ছে, একজন তরুণ বেকার হচ্ছে, একটি সংসার ঋণে ডুবে যাচ্ছে। অনেক খামারি মানসিকভাবে ভেঙে পড়েছেন, কেউ কেউ দেউলিয়া হয়ে গেছেন। এই অবস্থা আর চলতে পারে না।”
সংবাদ সম্মেলনে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের কাছে ১০ দফা দাবি পেশ করে বিপিএ। এর মধ্যে রয়েছে:
- জাতীয় পোল্ট্রি শুমারি ও ডিজিটাল ডাটাবেজ তৈরি
- উদ্যোক্তা আইডি কার্ড প্রদান ও খামারিদের নিবন্ধন নিশ্চিত
- সরকারি প্রশিক্ষণ ও নীতিনির্ধারণী সভায় প্রতিনিধিত্ব
- জামানতবিহীন স্বল্পসুদের ঋণ
- ফিড, ওষুধ ও ভ্যাকসিনে স্বচ্ছতা, সরকারি ফিডমিল ও হ্যাচারি স্থাপন
- প্রযুক্তি ও ল্যাব সুবিধা সম্প্রসারণ
- জেলা ও উপজেলা পর্যায়ে কোল্ড স্টোর গড়ে তোলা
- স্মার্ট বাজার ব্যবস্থাপনা চালু করে ন্যায্যমূল্য নিশ্চিত
- নিরাপদ ও পরিবেশবান্ধব উৎপাদনের মাধ্যমে বিদেশে রপ্তানি
- সংকটকালে প্রণোদনা ও কন্ট্রাক্ট ফার্মিং নীতিমালা প্রণয়ন
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি বাপ্পি কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মেজবাউল হক মারুফ এবং বিভিন্ন জেলার প্রান্তিক খামারিরা।

