তৈরি পোশাক খাতের শ্রমিকদের আইনসঙ্গত ও ন্যায্য সব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে গাজীপুর, আশুলিয়া, মিরপুর ও নারায়ণগঞ্জে জোনভিত্তিক শ্রমিক কল্যাণকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শ্রমিকদের সমস্যা সংশ্লিষ্ট এলাকাতেই দ্রুত সমাধান করা সম্ভব হবে।
সোমবার (৭ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে নন-আইবিসি শ্রমিক ফেডারেশনগুলোর নেতাদের সঙ্গে দুটি পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, পরিচালক আসেফ কামাল পাশাসহ সংগঠনের অন্য নেতারা।
মতবিনিময়ে পোশাক শিল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং শ্রম পরিবেশ স্থিতিশীল রাখতে শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে কোনো আইনবহির্ভূত দাবি কিংবা তুচ্ছ ঘটনার জেরে শ্রমিকরা যেন আশপাশের কারখানায় ভাঙচুর না করেন অথবা রাস্তা অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করেন—এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
সভায় বিজিএমইএ সভাপতি আরও জানান, তার বোর্ড দায়িত্ব গ্রহণের পর থেকেই শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গাজীপুর, আশুলিয়া ও নারায়ণগঞ্জে হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় সরকার জমি বরাদ্দ দিলে অবিলম্বে নির্মাণকাজ শুরু করা হবে। তিনি জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়নে শিগগিরই ফুড রেশনিং ব্যবস্থা চালুর বিষয়েও কাজ শুরু করবে বিজিএমইএ। মতবিনিময় সভায় বিজিএমইএ’র লেবার আরবিট্রেশন সেলের কার্যক্রম নিয়েও আলোচনা হয়। শ্রমিক নেতারা এসব উদ্যোগকে স্বাগত জানান।

