বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধিদলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও।
আজ মঙ্গলবার (৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস সচিব শফিকুল আলম জানান, গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি পেয়েছে বাংলাদেশ। চিঠিতে জানানো হয়েছে, আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে এ শুল্কের হার ছিল ৩৭ শতাংশ।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ঢাকা ও ওয়াশিংটন ডিসির মধ্যে শুল্ক সংক্রান্ত একটি চুক্তি করতে আগ্রহী বাংলাদেশ। এই চুক্তি দুই দেশের জন্যই লাভজনক হবে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, এ বছর ১ আগস্ট থেকে নতুন এই শুল্ক কার্যকর হবে, যা বাংলাদেশের রপ্তানি খাতকে প্রভাবিত করবে।

