রাজস্ব খাতের বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের মধ্যে মনোযোগ নেই, কাজ হচ্ছে জোরপূর্বক। সকালে প্রথম শ্রেণির কর্মকর্তা, রাতে চাকরিহীন—এমন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। মতের অমিল ও সাময়িক বরখাস্তকে কেন্দ্র করে প্রশাসনিক অনিশ্চয়তা বাড়ছে। প্রভাবশালী ও সুরক্ষিত এলাকা না হলে প্রতিহিংসার শিকার হতে হয় বলে মনে করছেন অনেকেই।
সরেজমিনে দেখা গেছে, এনবিআর ভবনের প্রতিটি তলায় কর্মকর্তারা ভয়ে কাজ করছেন। চাকরি হারানোর শঙ্কায় তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন না। আন্দোলনের নেতৃত্ব ও সমর্থন দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ না থাকলেও তদন্ত চলছে। আন্দোলনে যুক্ত ছিল না এমন অনেক কর্মকর্তাকেও টার্গেট করা হয়েছে। এনবিআর চেয়ারম্যানের ঘনিষ্ঠ কিছু কর্মকর্তা নিঃশর্ত ক্ষমা চাওয়ার কথা বলছেন।
আগেই আন্দোলনের কারণে এনবিআরের চার শীর্ষ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সদস্য ও একজন কমিশনার রয়েছেন। এছাড়া, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শীর্ষ পদে বদলির জন্য তদবির ও লবিং শুরু হয়েছে, যেখানে যোগ্যতার চেয়ে চেয়ারম্যানের পছন্দ প্রধান ভূমিকা নিচ্ছে। বিশ্বস্ত সূত্র জানায়, বাধ্যতামূলক অবসর, সাময়িক বরখাস্ত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ, শাস্তিমূলক বদলি, পদোন্নতি আটকে রাখা এবং বদলির ক্ষেত্রে অন্তত ৩৫০ কর্মকর্তার নাম রয়েছে। তারা নানা ধরণের হয়রানির শিকার।
একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, ‘ব্যবসায়ীদের মধ্যস্থতায় এবং সরকারের আশ্বাসে শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছিল। প্রতিহিংসামূলক আচরণ হবে না বলে আশ্বাস ছিল। কিন্তু বাস্তবতা তার উল্টো। এই অবস্থা রাজস্ব খাতের জন্য ক্ষতিকর। যাঁরা শাস্তির মুখোমুখি হয়েছেন, তাদের অনেকেই ইতিবাচক ভূমিকা রেখেছেন। শুধুমাত্র আক্রোশের কারণে তাদের শাস্তি দেওয়া হচ্ছে, যা মোটেও কাম্য নয়।’
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘এনবিআর কর্মকর্তাদের অযাচিতভাবে ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। সরকারের উচ্চ পর্যায় থেকে পরিষ্কার অঙ্গীকার প্রয়োজন। প্রতিহিংসাপরায়ণতা, দলবদল, পারফরম্যান্সের সমস্যা, যোগ্যতার ঘাটতি ইত্যাদি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কারণ স্পষ্ট করতে হবে। স্বচ্ছতা থাকলে ভাল কাজ করা কর্মকর্তারাও নিরাপদ বোধ করবে। এখন এটি একটি প্রাতিষ্ঠানিক সংকট, যা দ্রুত সমাধান দরকার।’
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ‘ব্যক্তিগত আক্রোশ থেকে প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করা যুক্তিসঙ্গত নয়। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া উচিত। আলোচনার পথ সবসময় খোলা রাখা জরুরি। পরিস্থিতি এমন হওয়া উচিত নয় যাতে আলোচনার দরজা বন্ধ হয়ে যায়।’
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সরকার ও এনবিআর কর্মকর্তা উভয় পক্ষই অতিরিক্ত কড়াকড়ি করেছে। সংস্কার কার্যক্রম কর্তৃত্ববাদী হয়ে গেছে। প্রশাসনের হাতে এনবিআরের দুটি বিভাগ তুলে দেওয়া ও এ নিয়ে বঞ্চনার অনুভূতি কর্মীদের আন্দোলনের কারণ। পরে ব্যক্তিকেন্দ্রিক আন্দোলনে সীমা লঙ্ঘিত হয়েছে। ব্যবসায়ীদের মধ্যস্থতায় যে প্রতিশ্রুতি এসেছিল তা পালন হয়নি। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে টার্গেট করে হয়রানি অযৌক্তিক।’
গত সোমবার ঢাকা কাস্টম হাউসে নতুন সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের আমি আশ্বস্ত করতে এসেছি। যারা দায়িত্বশীলভাবে কাজ করবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। যারা বড় ধরনের নিয়ম লঙ্ঘন করেছে, তাদের বিষয়ে ভিন্নভাবে দেখা হবে। সাধারণত ভয়ের কারণ নেই।’
এনবিআর দুই ভাগ করে ‘রাজস্ব ব্যবস্থাপনা’ ও ‘রাজস্ব নীতি’ নামে দুটি স্বতন্ত্র বিভাগ গঠন করা হয় গত মে মাসে। এটি বাতিলের দাবিতে এনবিআরের কর্মীরা কলমবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আন্দোলনে নেমেছিলেন। পরে মধ্যস্থতায় কাজ শুরু হলেও আন্দোলনকারীরা চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তাঁকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় তিনি অফিসে ফিরে আসেন। এরপর আন্দোলনে থাকা কয়েক কর্মকর্তাকে বদলি করা হয়। সেমিনার আয়োজনেও বাধা দেওয়া হয়। সব মিলিয়ে কর্মকর্তাদের সঙ্গে চেয়ারম্যানের দূরত্ব বাড়ে। জুনে কর্মীরা দুই দিন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে।

