আকু পেমেন্ট পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এসেছে। আজ (৮ জুলাই) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করার পর রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ বিলিয়ন ডলারে।
এর আগে গত ২ জুলাই রেমিট্যান্স প্রবাহ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ঋণ ছাড়ের কারণে রিজার্ভ বেড়ে ২৬.৬৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার আকু বিল বাবদ ২.০২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী, এই পরিশোধের পর রিজার্ভ দাঁড়িয়েছে ২৪.৪৫ বিলিয়ন ডলার। কমেছে ব্যবহারযোগ্য রিজার্ভ বা নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর)–ও। তবে এনআইআর এখনো আইএমএফের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘বর্তমানে দেশের রিজার্ভের অবস্থা স্বস্তিদায়ক। আকু পেমেন্টের প্রভাব সাময়িক এবং তা বড় ধরনের চাপ তৈরি করবে না।’ এর আগে ৩ জুলাই পর্যন্ত বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬.৫১ বিলিয়ন ডলার। তখন এনআইআর ছাড়িয়ে গিয়েছিল ২০ বিলিয়ন ডলার।
আকু হচ্ছে একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর আওতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, ইরান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা—এই দেশগুলোর মধ্যকার বাণিজ্যিক লেনদেন দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। তবে অর্থনৈতিক সংকটের কারণে আমদানি ব্যয়ের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বর্তমানে আকু থেকে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত রয়েছে।
বাংলাদেশ প্রতি দুই মাস অন্তর আকু বিল পরিশোধ করে থাকে। সর্বশেষ ৬ মে, মার্চ ও এপ্রিল মাসের আমদানি বাবদ ১.৮৮ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ ব্যাংক। তখন রিজার্ভ নেমে গিয়েছিল ২০ বিলিয়ন ডলারের ঘরে। তবে এর পরপরই বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঋণ ছাড়ের ফলে রিজার্ভ প্রায় চার বিলিয়ন ডলার বেড়ে যায়।

