বিশ্ব অর্থনীতি এখন এক অনিশ্চয়তার মুখোমুখি। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৯ জুলাইয়ের মধ্যে বেশির ভাগ বাণিজ্য অংশীদারের ওপর দ্বিগুণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে সোমবার (৭ জুলাই) তিনি ১৪টি দেশের ওপর ২৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন। এই তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়া, পাশাপাশি রয়েছে লাওস, মিয়ানমার, বাংলাদেশ, কম্বোডিয়া, তিউনিসিয়া, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, কাজাখস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সার্বিয়া এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
বাকি যেসব দেশের সঙ্গে এখনো কোনো বাণিজ্য চুক্তি হয়নি, তাদের ওপরও অগাস্টের ১ তারিখ থেকে নতুন শুল্ক বসতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। গত ২ এপ্রিল তিনি বিশ্বব্যাপী ‘মুক্তি দিবস’ ঘোষণা দিয়ে উচ্চ শুল্ক আরোপের হুমকি দিলে বিশ্ববাজারে অস্থিরতা ছড়িয়ে পড়ে। পরে তিনি ৯০ দিনের জন্য বড় শুল্ক স্থগিত রাখেন এবং সব দেশের ওপর ১০ শতাংশ হারে প্রাথমিক শুল্ক আরোপ করেন। এই পরিস্থিতিতে অর্থনীতিবিদদের আশঙ্কা, যদি ট্রাম্প ৯ জুলাইয়ের পর থেকে দ্বিগুণ শুল্ক কার্যকর করেন, তবে বিশ্ব অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে।
ট্রাম্পের যুক্তি হলো—শুল্কের কারণে আমদানি ব্যয় বাড়বে, এতে দেশীয় পণ্যের চাহিদা বাড়বে, আয় বাড়বে এবং দেশের ভেতরে বিনিয়োগ উৎসাহিত হবে। একই সঙ্গে কর্মসংস্থানও বাড়বে। এই প্রেক্ষাপটে ৩০ মে তিনি ১৪ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ চুক্তি ঘোষণা করেন, যা ইউএস স্টিল ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে সম্পাদিত হয়েছে। হোয়াইট হাউজের দাবি, এতে ৭০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে। এছাড়া গাড়ি নির্মাতা, প্রযুক্তি ও খাদ্যপ্রস্তুতকারীদের নতুন বিনিয়োগকে ‘মেড ইন আমেরিকা’ প্রবণতা ফিরে আসার উদাহরণ হিসেবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিশ্লেষণ ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে উৎপাদন খাত থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান এসেছে ২.৯ ট্রিলিয়ন ডলার, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ০.৬ শতাংশ বেশি। তবে এই অগ্রগতি সত্ত্বেও বিশ্লেষকদের মতে, আগের মতো শক্তিশালী উৎপাদন অবকাঠামো তৈরি এখনো হয়নি। এর অন্যতম কারণ হলো দক্ষ শ্রমিকের ঘাটতি, সরকারের পর্যাপ্ত সহায়তার অভাব এবং প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি।
এক সময়, বিশেষ করে ১৯৭০-এর দশকে উৎপাদন খাত যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২৫ শতাংশেরও বেশি ছিল। কিন্তু ২০০৫ সালে এটি নেমে আসে ১৩ শতাংশে। ২০২৪ সালে তা আরও কমে দাঁড়িয়েছে ৯.৭ শতাংশে। তুলনামূলকভাবে, ২০২৪ সালে আর্থিক খাত (ব্যাংক, বিমা, রিয়েল এস্টেট ও লিজিং) জিডিপির ২১ শতাংশ, ব্যবসা ও পেশাগত সেবা ১৩ শতাংশ এবং সরকারি খাত ১১ শতাংশ অবদান রেখেছে।
যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের অবস্থা বোঝার জন্য গুরুত্বপূর্ণ একটি সূচক হলো ইনস্টিটিউট ফর সাপ্লাই ম্যানেজমেন্টের (ISM) ম্যানুফ্যাকচারিং ইনডেক্স বা পিএমআই। এটি প্রতি মাসে প্রস্তুতকারকদের কাছ থেকে তথ্য নিয়ে প্রস্তুত করা হয়। পিএমআই ৫০’র ওপরে হলে উৎপাদন বাড়ছে বোঝায়, আর নিচে নামলে সংকোচন বোঝায়। চলতি বছরের জানুয়ারিতে পিএমআই ছিল ৫০.৯ শতাংশ এবং ফেব্রুয়ারিতে ৫০.৩ শতাংশ। এরপর মার্চ থেকে তা ৫০-এর নিচে নেমে আসে।
জুন মাসে এটি দাঁড়ায় ৪৯ শতাংশে—টানা চার মাসের সংকোচনের ধারাবাহিকতা বজায় রেখে। যদিও সংকোচনের হার কিছুটা কমেছে। জুনে নয়টি উৎপাদন খাতে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেলেও ছয়টি খাতে ছিল নেতিবাচক প্রবণতা। বিশ্লেষকদের মতে, ৯ জুলাইয়ের পর কী হবে—এ নিয়ে অনিশ্চয়তা থাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে পারছে না।
যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে উৎপাদন খাতে কাজ করছিলেন প্রায় ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার মানুষ। যা ২০২০ সালের জুনের তুলনায় প্রায় ৮ লাখ বেশি। তবে ১৯৭০-এর দশকের শেষ দিকে এই খাতে কর্মসংস্থান ছিল প্রায় ২ কোটির কাছাকাছি, যা এখনো অনেক দূরের লক্ষ্যমাত্রা বলে মনে করেন বিশেষজ্ঞরা।
চীন এখন বিশ্বের সবচেয়ে বড় উৎপাদনকারী দেশ। ২০২২ সালে চীন ৪.৮ ট্রিলিয়ন ডলার মূল্যের উৎপাদনমূলক মূল্য সংযোজন করেছে। যুক্তরাষ্ট্র করেছে ২.৭ ট্রিলিয়ন ডলার। তবে এখনো যুক্তরাষ্ট্র এমন চারটি দেশকে পিছনে ফেলেছে যারা মিলিয়ে কম উৎপাদন করে, অথচ যুক্তরাষ্ট্র তা অনেক কম শ্রমিক নিয়ে অর্জন করছে।

