দেশের পুঁজিবাজারে টানা এক বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আসেনি। এতে শিল্পখাতে পুঁজিবাজারের অর্থায়ন কার্যত বন্ধ রয়েছে। অথচ বিশ্বব্যাপী শিল্পায়নের মূলধন জোগানে পুঁজিবাজারই সবচেয়ে বড় উৎস। বাংলাদেশে এর বিপরীতে শিল্পখাত এখনো মূলত ব্যাংকনির্ভর, যেখানে পুঁজিবাজারের ভূমিকা খুবই সীমিত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানায়, গত পাঁচ বছরে ৫২টি কোম্পানি আইপিওর মাধ্যমে প্রায় ৭,৯৮০ কোটি টাকা তুলেছে। গড়ে বছরে এসেছে ১,৫৯৬ কোটি টাকার আইপিও। ২০২৩-২৪ অর্থবছরে ৯টি কোম্পানি ৮৪১ কোটি টাকা সংগ্রহ করলেও সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে কোনো আইপিও আসেনি। মূলত গত বছরের এপ্রিল-জুন প্রান্তিক থেকেই নতুন কোম্পানি তালিকাভুক্ত হচ্ছে না।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের বাজার মন্দা, রাজনৈতিক অস্থিরতা এবং পুঁজিবাজারে বারবার অনিয়ম-কারসাজির ফলে উদ্যোক্তারা নতুন আইপিওতে অনীহা দেখাচ্ছেন। তাদের আশঙ্কা, নিম্নমুখী বাজারে শেয়ারের ন্যায্য মূল্য পাওয়া যাবে না। অনেক ভালো কোম্পানিও আগ্রহ হারিয়ে ফেলেছে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, ‘গত ১৫ বছরের অনিয়ম ও দুর্নীতির ছায়া এখনো রয়ে গেছে। আইপিও নিয়ে মানুষের আস্থার সংকট রয়েছে। আমরা সবাইকে নিয়ে সংস্কার প্রক্রিয়া শুরু করেছি।’ তিনি আরও জানান, নিরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ফেরাতে কাজ চলছে এবং সরকারি-বেসরকারি সব পর্যায়ে আলোচনা হচ্ছে।
আইপিও বন্ধের আরেকটি বড় কারণ, উদ্যোক্তারা বিকল্প উৎস হিসেবে ব্যাংক ঋকেই বেশি নির্ভরশীল। গত এক বছরে যখন আইপিও থেকে এক টাকাও আসেনি, তখন ব্যাংকগুলো শিল্প খাতে দিয়েছে ৮৩ হাজার ৮৭৬ কোটি টাকা ঋণ। চলতি বছরের মার্চ শেষে ব্যাংক ঋণ দাঁড়িয়েছে ৭ লাখ ২৬ হাজার কোটি টাকায়। বিএসইসি আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সহজীকরণের উদ্যোগ নিতে গত বছর একটি টাস্কফোর্স গঠন করে। খসড়া সুপারিশে বলা হয়েছে, ১ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে এমন কোম্পানির তালিকাভুক্তি বাধ্যতামূলক করা এবং ডিরেক্ট লিস্টিংয়ের সুযোগ বাড়ানো উচিত। তবে এসব সুপারিশ এখনও বাস্তবায়িত হয়নি।
মার্চেন্ট ব্যাংকারদের মতে, অতীতে আইপিও নিয়ে যেভাবে অনিয়ম হয়েছে, তার জেরে এখন আগের জমা দেওয়া অনেক আবেদন বাতিল করা হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগে অনাগ্রহের কারণেও নতুন কোম্পানির আগমন বন্ধ রয়েছে।
ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘গত বছর কেউ আইপিওতে আসেনি কারণ তারা নিশ্চিত ছিলেন না যে শেয়ারের সঠিক মূল্য পাবেন কিনা। তবে চলতি অর্থবছরে ১০টি ভালো কোম্পানি ও ১০টি বড় বন্ড তালিকাভুক্ত করার পরিকল্পনা রয়েছে।’
বিএপিএলসির সাবেক সভাপতি আজম জে চৌধুরী মনে করেন, বিদ্যমান আইপিও কাঠামো ও শেয়ারের মূল্য নির্ধারণ পদ্ধতি উৎসাহজনক নয়। বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর তারল্য সংকট, বাজেট ঘাটতি ও দুর্বল কোম্পানির শেয়ার দর বৃদ্ধির প্রবণতাও সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে এক বছরেও নতুন কোনো আইপিও না আসায় পুঁজিবাজারে অর্থায়নের পথ প্রায় বন্ধ। কাঙ্ক্ষিত সংস্কার না হলে ভবিষ্যতেও ভালো কোম্পানিরা বাজারমুখী হবে না বলে আশঙ্কা বিশ্লেষকদের।

