বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা সেনানিবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে চলমান প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। অধ্যাপক হালুক গরগুন বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে কারিগরি ও কৌশলগত সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় সেনাপ্রধান তুরস্কের সহযোগিতায় দেশে আধুনিক যুদ্ধসরঞ্জাম উৎপাদন ও প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।

