বাংলাদেশের তরুণ সমাজের এক বড় অংশ দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে ব্যর্থ হচ্ছেন। সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, প্রায় ২৯ শতাংশ তরুণ দুই বছরেরও বেশি সময় ধরে চাকরি খুঁজছেন।
চাকরির আবেদন করেও প্রায় অর্ধেক তরুণই ইন্টারভিউয়ের ডাক পাচ্ছেন না—এটি চাকরিবাজার ও প্রার্থীদের মধ্যে একটি বড় বিচ্ছিন্নতার ইঙ্গিত বহন করে।
গতকাল ঢাকায় ‘ইয়ুথ ইন ট্রানজিশন’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনায় এই জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়, যা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত। অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত এই জরিপ ‘ইয়ুথ সার্ভে ২০২৫’ নামে পরিচিত।
জরিপ থেকে জানা গেছে, প্রশিক্ষণ নেয়ার ক্ষেত্রেও তরুণরা পিছিয়ে আছে। গত এক বছরে মাত্র ১২ শতাংশ তরুণ কোনো প্রকার প্রশিক্ষণে অংশ নিয়েছেন। আর প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে প্রায় অর্ধেকই কম্পিউটার ব্যবহার শিখেছেন।
চাকরির জন্য তরুণদের প্রস্তুতি নিয়ে মিশ্র ধারণা দেখা গেছে। মাত্র ১৫ শতাংশ মনে করেন তাদের শিক্ষা জীবন চাকরির জন্য যথেষ্ট প্রস্তুতি দিয়েছে, কিন্তু ৩১ শতাংশের মতে তাদের পড়াশোনার সঙ্গে চাকরির কোনো সম্পর্কই নেই।
তরুণদের মধ্যে সরকারি চাকরির জনপ্রিয়তা এখনও শীর্ষে—৩৭ শতাংশ সরকারি খাতে চাকরি চান। এর পরেই ২৬ শতাংশ স্বপ্ন দেখেন উদ্যোক্তা হওয়ার।
লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নারীরা সরকারি চাকরিতে আগ্রহী বেশি (৪২ শতাংশ) বনাম পুরুষ (৩৩ শতাংশ)।
বিদেশে কাজের প্রবণতাও জরিপে উঠে এসেছে—বিদেশে কাজ করেছেন মাত্র ১.৭ শতাংশ তরুণ, আর এর ৭৩ শতাংশ আবার বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিদেশে না যাওয়া তরুণদের মধ্যে প্রায় ৪০ শতাংশ বিদেশে কাজ করতে চায়, বাকিরা দেশে থেকেই কাজ করতে চায়। দেশে থাকার প্রবণতায় নারীর সংখ্যাই বেশি।
জরিপে গিগ ইকোনমি বা ফ্রিল্যান্সিং সম্পর্কে তথ্যও উঠে এসেছে। ৪২ শতাংশ তরুণ ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন না, মাত্র ১০ শতাংশ ভালোভাবে জানেন। যাদের আগ্রহ আছে, তারা মূলত বাসা থেকে কাজ ও নমনীয় সময়কে প্রধান কারণ উল্লেখ করেছেন।
তবে চাকরি প্রাপ্তিতে বড় বাধা হিসেবে ৫৫ শতাংশ তরুণ ঘুষ-তদবির ও স্বজনপ্রীতিকেই দেখছেন। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার ঘাটতি, চাকরির অভাব এবং শিক্ষার সঙ্গে চাকরির চাহিদার অসামঞ্জস্যও বড় প্রতিবন্ধকতা।
কেস স্টাডিতে দেখা গেছে, মাস্টার্স পাশ করা একজন স্কুলশিক্ষক ও একক মা মাসে মাত্র ৫ হাজার টাকার নিচে আয় করছেন। আর ঝালকাঠির এক ফ্রিল্যান্সার দুর্নীতির কারণে চাকরির জন্য আবেদন করাই বন্ধ করে দিয়েছেন।

