কুড়িগ্রামে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষি ও ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করেছেন। তারা সড়কে আলু ফেলেও বিক্ষোভ দেখিয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বাজার এলাকায় প্রায় দেড় ঘণ্টা এই অবরোধ চলে। এর ফলে যানবাহন চলাচল বন্ধ থাকে। চালক ও যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধে অংশ নেওয়া চাষি ও ব্যবসায়ীরা জানান, বাজারে আলুর দাম কম থাকা সত্ত্বেও হিমাগারে ভাড়া অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশকের দাম বাড়ায় প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয়েছে ২২ টাকা। এর সঙ্গে যোগ হয়েছে হিমাগারের ভাড়া প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সা। এতে মোট খরচ দাঁড়ায় ২৯ টাকা। কিন্তু বাজারে আলু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। তাই প্রতি কেজিতে প্রায় ১৪ টাকার লোকসান গুনছেন চাষিরা।
চাষিরা দাবি করেছেন, হিমাগারে আলুর ভাড়া ৫ টাকার মধ্যে আনা উচিত। একজন কৃষক বলেন, “গত বছর এক বস্তা আলু ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল। এবার সেই ভাড়া বেড়ে ৪৫০ টাকার উপরে গেছে। দাম কম থাকার কারণে কৃষকের ক্ষতি আরও বাড়বে।”
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন জানান, “কৃষকদের আশ্বস্ত করা হয়েছে। তারা আন্দোলন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার তাদের নিয়ে আলোচনা করা হবে। সেখানেই সমস্যা সমাধানের পথ খুঁজে নেওয়া হবে।”

