২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ইতিহাসের সর্বোচ্চ আয়ের রেকর্ড হয়েছে। সদ্য সমাপ্ত অর্থবছরের ২৮ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৪ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ০৫ শতাংশ বেশি। এর আগে কখনো এত বেশি রেমিট্যান্স দেশে আসেনি।
এই আয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন সৌদি আরবপ্রবাসীরা। যদিও ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত সময়কালে কখনো সংযুক্ত আরব আমিরাত, কখনো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য শীর্ষে ছিল। কিন্তু চলতি বছরের এপ্রিল, মে ও জুনে আবার শীর্ষ অবস্থানে উঠে এসেছে সৌদি আরব।
বিশ্লেষকদের মতে, সরকারের পরিবর্তনের পর প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে বেশি পরিমাণে টাকা পাঠাচ্ছেন। আগে এই চ্যানেলে রেমিট্যান্স আসত প্রায় অর্ধেক। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর ডলারের রেট বাড়িয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়। এতে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ বেড়েছে। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শে ডলারের দর বাজারভিত্তিক হলেও স্থিতিশীল রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, শুধু মে মাসেই এসেছে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৫৩ কোটি ৩৩ লাখ ডলার, যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৪ শতাংশ। দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩৫ কোটি ১৪ লাখ ডলার এবং তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য, ৩৪ কোটি ডলার। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্র।
চলতি অর্থবছরের মার্চ মাসে দেশে এসেছে রেকর্ড ৩৩০ কোটি ডলার, যা একক মাস হিসেবে সর্বোচ্চ। ওই মাসে যুক্তরাষ্ট্র থেকে আসে ৫৪ কোটি ৬১ লাখ ডলার, সংযুক্ত আরব আমিরাত থেকে ৫০ কোটি ৮৩ লাখ এবং সৌদি আরব থেকে ৪৪ কোটি ৮৪ লাখ ডলার। তবে দীর্ঘদিন ধরেই রেমিট্যান্স রিপোর্টিংয়ে ভুল হয়ে আসছিল। বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে পাঠানো অর্থ দেশে আসলেও তা নির্দিষ্ট দেশের হিসেবে না গিয়ে এক্সচেঞ্জ হাউসের নিবন্ধিত দেশের নামে দেখানো হতো। ফলে অনেক সময় প্রকৃত প্রবাসী আয় আড়ালে থেকে যেত। বাংলাদেশ ব্যাংক এখন ব্যাংকগুলোকে দেশভিত্তিক সঠিক রিপোর্টিংয়ের নির্দেশ দিয়েছে। এতে রেমিট্যান্স চিত্রে স্বচ্ছতা এসেছে।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এক্সচেঞ্জ হাউস থেকে অর্থ কিনে ব্যাংকগুলো যেভাবে কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্ট করে, তাতে পাঁচটি দেশের অর্থ একত্রে পাঠানো হলেও সেটি এক দেশের নামে দেখানো হতো। এখন আলাদাভাবে হিসাব করার নির্দেশনা মানলে প্রকৃত চিত্র প্রতিফলিত হবে। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই পর্যন্ত সব মাসেই সৌদি আরব ছিল শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশ। ওই জুলাই থেকে যুক্তরাষ্ট্র প্রথম, সৌদি দ্বিতীয় ও সংযুক্ত আরব আমিরাত তৃতীয় স্থানে উঠে আসে। যদিও পুরো অর্থবছরে সৌদি আরবই শীর্ষে ছিল।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ওপরই নির্ভর করছে দেশের বৈদেশিক মুদ্রার জোগান। আগের সরকারের সময়ে রেমিট্যান্স কমে যাওয়ায় রিজার্ভ অনেকটা কমে যায়। তবে অন্তর্বর্তী সরকারের সময়েই প্রবাসীদের আয় বেড়ে যাওয়ায় রিজার্ভ কিছুটা স্থিতিশীল রয়েছে, যদিও বিদেশি ঋণ পরিশোধের চাপ রয়ে গেছে।
তবে এই সময়ে জনশক্তি রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি। বরং বিদেশে শ্রমবাজার সংকুচিত হয়েছে। গত এক বছরে বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর হার কমেছে প্রায় ৩০ শতাংশ। বর্তমানে দেশের বৈদেশিক শ্রমবাজার প্রায় ৯০ শতাংশই নির্ভর করছে মাত্র তিনটি দেশের ওপর, যা বিশেষজ্ঞদের মতে ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, ২০২৪ সালে ১০ লাখ ১১ হাজার ৮৬৯ জন কর্মী বিদেশে গেছেন, যার ৯৫ শতাংশই গেছেন সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ৩০ শতাংশ কম, যখন ১৩ লাখ ৭ হাজার ৮৯০ জন কর্মী পাঠানো হয়েছিল। চলতি বছরের প্রথম ছয় মাসে প্রবাসী কর্মী পাঠানোর ৭৩ শতাংশ গেছেন সৌদি আরবে, ৯ দশমিক ৩২ শতাংশ কাতারে এবং ৬ দশমিক ২৮ শতাংশ সিঙ্গাপুরে। অর্থাৎ এই তিনটি দেশই জনশক্তি রপ্তানির ৯০ শতাংশ ধরে রেখেছে।
বিশ্লেষকরা বলছেন, নতুন শ্রমবাজার খুলতে না পারলে বিদেশি আয়ে টেকসই বৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তির শর্ত অনুযায়ী, এই ধারা বজায় রাখাও জরুরি।

