যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে বড় ধরনের ঝুঁকিতে পড়তে চলেছে বাংলাদেশের আট শতাধিক রপ্তানি প্রতিষ্ঠান। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান মার্কিন বাজারনির্ভর, তাদের আশঙ্কা, অতিরিক্ত শুল্ক না কমালে রপ্তানি বড় ধরনের ধাক্কা খাবে।
গত সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হবে। এতে দেশের ২ হাজারের বেশি রপ্তানিকারক প্রতিষ্ঠান দুশ্চিন্তায় পড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বলছে, ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করছে ২,৩৭৭টি প্রতিষ্ঠান। এদের মধ্যে ৮০১টি প্রতিষ্ঠানের মোট রপ্তানির ৫০ শতাংশের বেশি গেছে যুক্তরাষ্ট্রে। ফলে এই প্রতিষ্ঠানগুলো সরাসরি ঝুঁকির মুখে।
শুধু এই ৮০১টি প্রতিষ্ঠানই গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে ৫০৫ কোটি ডলারের পণ্য, যা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৫৮ শতাংশ। আর সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৮৭৬ কোটি ডলারের পণ্য। এর মধ্যে তৈরি পোশাকের রপ্তানি মূল্য ছিল প্রায় ৭৫৯ কোটি ডলার।
চট্টগ্রামের নাসিরাবাদের তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন অ্যাপারেলস পুরো রপ্তানি করেছে যুক্তরাষ্ট্রে। তাদের মালিক প্রতিষ্ঠান এশিয়ান ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের শুল্কহার ১০–১৫ শতাংশ বেশি। এখন যদি অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হয়, তাহলে ক্রেতারা বাংলাদেশ থেকে সরে যাবে।’ এ রকম আরও ১৬৮টি প্রতিষ্ঠান রয়েছে, যারা কেবল যুক্তরাষ্ট্রেই পণ্য রপ্তানি করে। বাড়তি শুল্ক কার্যকর হলে এসব প্রতিষ্ঠান অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরেকটি প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট অ্যাপারেলসের ৮৯ শতাংশ রপ্তানি গেছে যুক্তরাষ্ট্রে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব বলেন, ‘প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সঙ্গে ব্যবসা করছি। এখন যদি শুল্ক ৫০ শতাংশ হয়, তাহলে ক্রেতারা আর পোশাক নেবে না।’
তৈরি পোশাক রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রে যারা বেশি রপ্তানি করে, তাদের জন্য পরিস্থিতি কঠিন হবে। বিকল্প বাজারে সবাই হুমড়ি খেয়ে পড়বে, প্রতিযোগিতা বাড়বে, আর ন্যায্যমূল্য পাওয়া কঠিন হয়ে পড়বে।’
শুধু পোশাক নয়, জুতা, ব্যাগ, তাঁবু, আসবাবপত্র, খাদ্যপণ্যসহ আরও অনেক পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। ১৭৬টি প্রতিষ্ঠান শতভাগ যুক্তরাষ্ট্রনির্ভর। এছাড়া আরও ৩১৯টি প্রতিষ্ঠান ৫০ শতাংশের বেশি রপ্তানি করেছে মার্কিন বাজারে।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মাসুদ অ্যাগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্টস লিমিটেড গত ১৩ বছর ধরে যুক্তরাষ্ট্রে হিমায়িত খাদ্য রপ্তানি করে আসছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন বলেন, ‘তিন মাস আগে প্রথম পাল্টা শুল্ক ঘোষণার পর ক্রেতারা রপ্তানি স্থগিত রাখতে বলেছিল। এবার আবারও শঙ্কা দেখা দিয়েছে।’
অর্থনীতিবিদ ও গবেষকরা বলছেন, মার্কিন বাজারে রপ্তানির গতি কমে যেতে পারে। তবে তারা আশাবাদী, এখনো আলোচনার সুযোগ রয়েছে। যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে দর–কষাকষির মাধ্যমে এই শুল্কহার কমানো যায়, তাহলে বাজারটি ধরে রাখা সম্ভব। অন্যথায় প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি শুল্কে বাংলাদেশি পণ্যের অবস্থান দুর্বল হয়ে পড়বে, যা অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলবে।

