যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনা শুরু হচ্ছে আজ। ওয়াশিংটন ডিসিতে এ বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
এই আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। আলোচনায় অংশ নিতে বাণিজ্য সচিব, একজন অতিরিক্ত সচিব এবং অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ঢাকা থেকে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
এর আগে গত ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে পারস্পরিক শুল্ক আরোপের বিষয়ে একটি চিঠি পাঠান। বাংলাদেশ ওই তালিকায় প্রথম দিককার দেশগুলোর একটি, যাদের সঙ্গে এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র ফের আলোচনা শুরু করছে। বাংলাদেশের প্রত্যাশা, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় এবার শুল্ক চুক্তি দ্রুত চূড়ান্ত করা সম্ভব হবে।

