দেশে উৎপাদিত ফ্রিজ ও এসির খুচরা যন্ত্রাংশে আমদানি শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে স্থানীয় ইলেকট্রনিকস শিল্প। উদ্যোক্তারা বলছেন, এতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ অনিশ্চয়তায় পড়বে। পাশাপাশি কর্মসংস্থান হারাবে হাজার হাজার মানুষ।
তাঁদের অভিযোগ, আমদানিতে শুল্ক ছাড় মানে হচ্ছে—স্থানীয় উৎপাদনকে পেছনে ফেলে বিদেশি পণ্যের পথ সুগম করা। এতে করে দেশীয় উৎপাদন বাধাগ্রস্ত হবে, বাড়বে বৈদেশিক নির্ভরতা, কমবে বিনিয়োগ।
গত ২৭ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, ফ্রিজ, ফ্রিজার ও এয়ারকন্ডিশনারের যেসব যন্ত্রাংশ দেশে তৈরি হয় না, সেগুলো আমদানিতে আর শুল্ক দিতে হবে না। এতে খুশি হয়েছিল ফ্রিজ ও এসি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। তবে ২৪ জুন এনবিআর নতুন করে সংশোধিত এসআরও জারি করে। তাতে এমন কিছু খুচরা যন্ত্রাংশকেও শুল্কমুক্ত তালিকায় যুক্ত করা হয়, যেগুলো ইতিমধ্যে দেশেই উৎপাদিত হচ্ছে। এ সিদ্ধান্তেই আপত্তি জানাচ্ছেন উদ্যোক্তারা।
নতুন তালিকায় যুক্ত যন্ত্রাংশগুলোর মধ্যে রয়েছে: স্টপার ব্লক, ডিওডোরেন্ট ব্লক, পিপি বটম প্লেট, ক্রিস্পার কভার, ড্রেনেজ পাইপ কভার, কম্প্রেসর হাউস কভার, কটন প্যাড, রেফ্রিজারেটর শেলফ, ডাম্পিং ব্লক, লাইট হোল্ডার, ফ্যান ব্লোয়ার, এক্সিয়াল ফ্যান, এয়ার গাইড প্লেট, টিউব প্লেট, আইডিইউ প্যানেল এবং ক্রস ফ্লো ফ্যান।
দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন, মিনিস্টার ও যমুনা ইলেকট্রনিকস ইতিমধ্যে এসব যন্ত্রাংশ তৈরি করছে। উদ্যোক্তারা বলছেন, এই যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড় দিলে স্থানীয় শিল্প প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এতে আমদানি আরও লাভজনক হয়ে উঠবে। পাশাপাশি ব্যাকওয়ার্ড লিংকেজ খাত সংকুচিত হবে এবং নতুন উদ্যোক্তারা আর এসব যন্ত্রাংশ উৎপাদনে আগ্রহ হারাবেন।
তাঁরা প্রশ্ন তুলছেন—যাদের দেশে প্রয়োজনীয় প্রযুক্তি, সক্ষমতা ও কারখানা রয়েছে, তাদের অবজ্ঞা করে কেন এসব যন্ত্রাংশের আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হলো? এর পেছনে কার স্বার্থ জড়িত এবং কী যুক্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়েও চলছে বিতর্ক। উদ্যোক্তাদের দাবি, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রকৃত উৎপাদনকারীদের ক্ষতি হবে। বরং লাভবান হবে শুধু সংযোজন শিল্প। এতে দেশের ইলেকট্রনিকস খাতের টেকসই ভবিষ্যৎ নিয়ে তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

